পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা বিজিএমইএর
পোশাক খাতে রপ্তানি বাড়লেও প্রকৃত আয় কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪২ দশমিক ৩০ শতাংশ। তবে একই সময়ে এসব পণ্যের বিপরীতে আমদানি ব্যয় বেড়েছে ৭৫ শতাংশ। আমদানিব্যয় বৃদ্ধির কারণেই মোট রপ্তানিতে বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।তৈরি পোশাক শিল্প মালিক সমিতি (বিজিএমইএ) আশঙ্কা করছে, আগামী অর্থবছরের শুরুতে পোশাক খাতের এই প্রবৃদ্ধিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ শনিবার সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এ কথা বলেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সিদ্দিকুর রহমান, ফারুক হোসেনসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, প্রতিযোগী দেশগুলো তাদের অভ্যন্তরীণ শিল্প চাঙা করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘চলতি অর্থবছরের শেষ প্রান্তে এসে আগামী মৌসুমের জন্য রপ্তানি কাজ কমে আসার প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিগত মাসগুলোর প্রবৃদ্ধি অনুযায়ী যে পরিমাণ কাজ পাওয়ার প্রত্যাশা ছিল, তা আমাদের কাছে আসছে না।’সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘গত ফেব্রুয়ারি-মার্চ মাসে ক্রেতারা তুলনামূলকভাবে অনেক কম কাজ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। যার ফলে চাহিদা কমে যাওয়ায় পণ্যের দামও কমে যাচ্ছে এবং আমরা প্রতিযোগিতার সক্ষমতাও হারাচ্ছি।’এসব তথ্য দিয়ে বিজিএমইএর সভাপতি বলেছেন, ‘পোশাক খাতে এই যে কাজ কমে যাওয়ার তথ্য, তা হলো দেশের জন্য আগাম সতর্কসংকেত।’বিজিএমইএ বলেছে, বিগত ১০ মাসে যে প্রবৃদ্ধি হয়েছে, এই প্রবৃদ্ধির মাধ্যমে শিল্প কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তারা বলেছে, অর্জিত এই প্রবৃদ্ধির মূলে রয়েছে আন্তর্জাতিক বাজারে তুলা, বস্ত্রসামগ্রীসহ, আনুষঙ্গিক সামগ্রী ও অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি। এতে রপ্তানিমূল্য (এফওবি) বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংকের এপ্রিল, ২০১১ সময়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনের তথ্য দিয়ে বিজিএমইএ বলেছে, জুলাই-মার্চ সময়ে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় তুলা, সুতা, সিনথেটিক ফাইবার ও বস্ত্র আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৫ দশমিক ১৮ শতাংশ। যেখানে একই সময়ে দেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে মাত্র ৪১ দশমিক ১০ শতাংশ।