পোশাক রপ্তানিতে হুমকি অস্থিতিশীলতা
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই শিল্পের উন্নয়নে হুমকি হয়ে দাঁড়িয়েছে অস্থিতিশীলতা। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের বিশাল তৈরি পোশাকশিল্প গড়ে উঠেছে বাংলাদেশে। স্বল্প মূল্যের কারণে বিশ্বের নামীদামি অনেক পোশাকপ্রতিষ্ঠান বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা। তবে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ও নির্ধারিত সময়ে চালান দিতে না পারায় এ খাতে একধরনের অস্থিরতা বিরাজ করছে। এ ছাড়া শ্রমিকনেতা আমিনুল হত্যা এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ কাজের পরিবেশ নিয়ে প্রচারণা বাড়ায় এই শিল্পের সুনাম নিয়ে তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীরা খানিকটা উদ্বিগ্ন। বাংলাদেশে টেসকো, ওয়াল মার্ট, জে সি পেনি, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসার, কোল’স ও কেয়ারফোরের মতো বিখ্যাত ব্র্যান্ডের প্রতিষ্ঠানের জন্য পোশাক বানানো হয়। অথচ এখানকার কিছু শ্রমিকের সর্বনিম্ন মাসিক বেতন তিন হাজার টাকারও কম (মাত্র ৩৭ ডলার)। বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে গত জুনে রাজধানী ঢাকার কাছে সাভারে তিন শতাধিক কারখানা এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়। পরে সরকার ও কারখানার মালিকেরা বৈঠকে বসে শ্রমিকদের বেতন-ভাতার দাবি বিবেচনা করার আশ্বাস দিলে কারখানাগুলো সচল হয়। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের বড় ধরনের গ্রাহক প্রতিষ্ঠানের এ-দেশীয় প্রতিনিধি রয়টার্সকে বলেন, ‘তৈরি পোশাক খাতে অস্থিরতা আমাদের জন্য উদ্বেগের বিষয়। দুই সপ্তাহ কারখানাগুলোতে উত্পাদন বিঘ্নিত হলে ৮০ লাখ ডলারের মতো ক্ষতি হয়।’ এ বছরের প্রথম ছয় মাসে এ খাত থেকে এক হাজার ৯০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষ স্থানে আছে চীন। রপ্তানি খাতের ৮০ ভাগ আয় হয় তৈরি পোশাক খাত থেকে। পরামর্শক প্রতিষ্ঠান (কনসালটেন্সি) ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির মতে, বাংলাদেশ আগামী ১০ বছরে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দ্বিগুণ করতে পারে।তবে ওই পর্যায়ে যেতে যা প্রয়োজন, তার ঘাটতি আছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। কম মজুরি, অনিরাপদ কাজের পরিবেশ ইত্যাদি বিবেচনায় অনেক কারখানার অবস্থা নির্ধারিত মানদণ্ডের নিচে বলে বিশেষজ্ঞরা বলছেন।বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের বেশির ভাগ নারী, যাঁরা প্রতিদিন ১০-১৫ ঘণ্টা করে সপ্তাহে ছয় দিনই কাজ করেন। এমন একজন কর্মী নাজমা বেগম। ঢাকার অদূরে আশুলিয়ার একটি কারখানার এই শ্রমিক বলেন, ‘আমি এখন মাসে চার হাজার ২০০ টাকা বেতন পাই। এটা বাড়িয়ে কমপক্ষে ছয় হাজার টাকা করা উচিত। আয়ের এক-তৃতীয়াংশ যায় ঘর ভাড়ায়। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে। বেতন না বাড়ালে অস্থিরতা আরও বাড়বে।’ সালমা বেগম নামের আরেক শ্রমিকের ভাষ্য, ‘স্বামী ও তিন সন্তান নিয়ে আমাদের পাঁচজনের সংসার। স্বামী রিকশা চালান। দুজনে মিলে মাসে সাড়ে ছয় হাজারের মতো আয় আমাদের। এ দিয়ে চলে না, অন্যের কাছ থেকে ধার করতে হয়।’গত এপ্রিলে শ্রমিকনেতা আমিনুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দাবি করে, আমিনুল হত্যার ঘটনায় সরকারের নিরাপত্তা বাহিনীর জড়িত থাকতে পারে।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউ যদি আমিনুল হত্যার জন্য সরকারকে দোষারোপ করে, তবে তা দুর্ভাগ্যজনক। সরকার কেন এমনটা করবে?’ তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের না করা পর্যন্ত তৈরি পোশাক রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। এদিকে গত জুলাইয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের কাছে আমিনুল হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ঘটনার রহস্য উন্মোচিত না হলে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক না-ও নিতে পারেন বলে তাঁকে জানিয়েছেন।সুইডিশ প্রতিষ্ঠান হেন্স অ্যান্ড মরিেজর কর্মকর্তা হেলেনা হেলমারসন এক ই-মেইলে রয়টার্সকে জানান, শ্রমিক অসন্তোষের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা শ্রমিকদের অধিকার আরও জোরালো করার বিষয়ে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই খাতে বাণিজ্য বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এই দেশে আমাদের উপস্থিতি ইতিবাচক।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান নির্বাহী কার্ল-জোহান পারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি বাড়াতে এবং তা প্রতিবছর পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ-কোরিয়া যৌথ অংশিদারির প্রতিষ্ঠান হাইয়ুন অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাম হো চো বলেন, ‘আমরা সহিংসতা পছন্দ করি না। আমরা এখানে শান্তিতে আমাদের ব্যবসা চালিয়ে যেতে চাই।’ যুক্তরাষ্ট্রে পোশাক বিক্রিকারী প্রতিষ্ঠানটির প্রধান জানালেন, প্রতিবারই সহিংসতার খবর পেয়ে ক্রেতারা তাঁকে ফোন করেন। তিনি তাঁদের আশ্বাস দেন, ‘চিন্তার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে। সময়মতো চালান পৌঁছে যাবে।’বুদ্ধিজীবী প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো যদিও সফল, এর পরও ক্রেতাদের অন্যদিকে নজর ফেরানোর ঝুঁকি রয়েছে। উত্পাদন ও মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের বেতন বাড়াতে হবে। কাজের পরিবেশসহ অন্যান্য বিষয়েরও উন্নয়ন ঘটাতে হবে। এগুলো নিশ্চিত করা গেলে ধীরে ধীরে আরও বেশিসংখ্যক কারখানা নির্ধারিত মানদণ্ডে পৌঁছাতে সক্ষম হবে। ধীরগতিতে এসবের উন্নয়ন ঘটছে। এই উন্নয়ন যত ঘটবে, তত বেশি কারখানা মানসম্মত পর্যায়ে পৌঁছাতে পারবে।