পোশাক শিল্প বিকাশে সব সহায়তা দিতে সরকার প্রস্তুত: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কৃষি ও শিল্প খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকার আগামী চার বছরের মধ্যে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, এ লক্ষ্য অর্জনে সরকার পোশাক শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।আজ শনিবার বাটেক্সপো ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিজিএমইএ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।শ্রমিকদের কল্যাণে আরও পদক্ষেপ নেওয়ার জন্য পোশাক ও টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় থাকলে সর্বোচ্চ উত্পাদন সম্ভব। এতে মালিক-শ্রমিক উভয়েই লাভবান হবেন।প্রধানমন্ত্রী এই শিল্পের প্রসারে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের এসব পদক্ষেপ ও গার্মেন্টস মালিকদের ঐকনিষ্ঠ প্রচেষ্টার ফলে তৈরি পোশাক খাতের ব্যাপক প্রসার ঘটেছে।’বিজিএমইএ সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ।বেসরকারি খাতের সম্প্রসারণে নতুন শিল্পনীতি প্রণয়নের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী জানান, এখানে ২১টি খাতকে থার্স্ট সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিল্পকে উত্সাহী করার জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এরই মধ্যে ভারত, চীন, মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াতে শুল্কমুক্ত রপ্তানিসুবিধা পাচ্ছে।শেখ হাসিনা জানান, পোশাক শিল্প ছাড়াও চিংড়ি, চামড়া, জাহাজ, কৃষি, পাটসহ ১৭টি খাতের পণ্য রপ্তানিতে বিশেষ নগদ সহায়তাদান ও নতুন পণ্য এবং নতুন বাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।