ব্যবসায়ী প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী
পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি তৈরি পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টিতে যারা ইন্ধন যুগিয়েছে তাদেরকে শনাক্ত করা হবে। এ প্রসঙ্গে তিনি পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে বলেন, সরকারি নব ঘোষিত মজুরিকাঠামো বাস্তবায়ন করাও তাদের দায়িত্ব। খবর ইউএনবির।আজ সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির বলেন, প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন তৈরি পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি মালিকদেরকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানান, যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক, নবনির্বাচিত সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মনোয়ারা হাকিম আলী প্রমুখ।বাসস