পোশাক শিল্পে নৈরাজ্যের জন্য সরকারের ভ্রান্ত নীতি দায়ী: মির্জা ফখরুল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পোশাক শিল্পে নৈরাজ্যের জন্য সরকারের ভ্রান্ত নীতি দায়ী। সরকার যথাযথ পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সমস্যা সমাধানে সরকারের করণীয় জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, মালিক, শ্রমিক ও সরকার—ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে এই শিল্প নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু সরকার তা করতে পারেনি।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুল সদ্য কারামুক্ত সাংসদ ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৭ জুন বিএনপির ডাকে হরতাল কর্মসূচি চলাকালে শহিদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।