পোশাক শ্রমিক, রিকশাচালকদেরও নীরবতা পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে সারা দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একাত্ম হন। আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত যে যাঁর অবস্থানে থেকে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।এ সময় রাজধানী ঢাকাসহ পুরো দেশের লাখ লাখ মানুষ বাড়িতে, গাড়িতে, রাস্তায় বা কর্মস্থলে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন। এ আন্দোলনে একাত্মতা জানান পোশাক কারখানার নারীশ্রমিক এবং রিকশাচালকেরাও।চট্টগ্রামচট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকার একটি পোশাক কারখানার নারীশ্রমিকেরাও তিন মিনিট দাঁড়িয়ে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবির প্রতি একাত্মতা জানান। তাঁরা কাজ বন্ধ রেখে দাঁড়িয়ে শাহবাগের প্রজন্ম চত্বরের আহ্বানে সাড়া দেন। ঘড়িতে চারটা তিন বাজার পর তাঁরা কাজ শুরু করেন।কুমিল্লানগরের কান্দিরপাড় এলাকায় ফিরোজ মিয়া নামের একজন রিকশাচালক তিন মিনিটের স্তব্ধ কর্মসূচিতে দাঁড়িয়ে পড়েন। তাঁকে দেখে শরিক হন স্থানীয় রিকশাচালকেরা। ফিরোজ মিয়ার (৪২) বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। কুমিল্লা শহরে তিনি রিকশা চালান দুই বছর ধরে। আজ বিকেল সাড়ে তিনটা থেকে তিনি কান্দিরপাড় এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁর সঙ্গে শরিক হন আরও কয়েকজন রিকশাচালক। ফিরোজ মিয়া প্রথম আলো ডটকমকে জানান, বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত নীরবতা পালন করার জন্য এখানে দাঁড়িয়েছি। ঘড়ির কাঁটায় বিকেল চারটা বাজতেই অনেকেই দাঁড়িয়ে পড়ায় ওই সারি আরও দীর্ঘ হয়। শাহবাগের প্রজন্ম চত্বরের স্রোত ফিরোজ মিয়াকে আবেগাপ্লুত করেছে। তিনি বলেন, ‘যুদ্ধের বছর আমার জন্ম। তাই তরুণদের ওই আয়োজনে শরিক হয়েছি।’ কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে ৫ ফেব্রুয়ারি বিকেল থেকেই শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ এ আন্দোলনে শরিক হন। ৮ ফেব্রুয়ারি লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।গতকাল সোমবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে ব্লগার ইমরান এইচ সরকার তিন মিনিট দাঁড়িয়ে থাকার কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। শাহবাগে তারুণ্যের প্রতিবাদ আজ অষ্টম দিনে গড়াল। টানা সাত দিন রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের কণ্ঠে। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলছেই।সময় যত গড়াচ্ছে, লোকসমাগম তত বাড়ছে। চলছে প্রতিবাদী তারুণ্যের প্রতিবাদ। সকাল থেকেই নানা শ্রেণী-পেশার মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। যোগ দিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।