পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা ২৮ জুলাইয়ের মধ্যে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পোশাক শ্রমিকদের যে বেতন দেওয়া হয়, তা শুধু অপ্রতুলই নয় অমানবিক। গ্রাম থেকে এসে তাঁরা যে ধরনের পরিশ্রম করেন, যে টাকা বেতন পান, তা দিয়ে ঢাকা শহরে থাকা-খাওয়া যায় না। এই অমানবিক অবস্থা নিরসনে সরকার পোশাক-শ্রমিকদের ন্যূনতম বেতন-কাঠামো নির্ধারণে মজুরি কমিশন রোয়েদাদ চূড়ান্ত করছে। ২৮ জুলাইয়ের মধ্যে তা ঘোষণা করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে শাহীন মনোয়ারা হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বিরোধী দল সংসদে যথারীতি অনুপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নকর্তা ছিলেন বিএনপির নাজিমউদ্দিন আহমেদ। তাঁর অনুপস্থিতিতে শাহীন মনোয়ারা হক প্রশ্নটি উত্থাপন করেন।প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা মালিকেরা দিতে চান না। সে জন্য সরকার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ন্যূনতম বেতন-কাঠামো করার উদ্যোগ নিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, পোশাকশিল্পের মালিকদের চিন্তা করা উচিত শ্রমিকদের কারণেই তাঁরা লাভ করছেন। তাঁদের ব্যবসার ব্যাপ্তি হচ্ছে। তাই লাভের কিছু অংশ শ্রমিকদের দেওয়া উচিত।প্রধানমন্ত্রী বলেন, পোশাক-শ্রমিকেরা বেসরকারি খাতে কাজ করলেও সরকার তাঁদের ব্যাপারে আন্তরিক। তাঁদের জন্য পোশাক-কারখানায় ডরমেটরি করার জন্য এক শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। শ্রমিকদের রেশনে চাল দেওয়ার জন্য ১৬ টাকা কেজিতে সরকার চাল দিচ্ছে। পোশাকশিল্পের মালিকেরা এসব চাল কিনে শ্রমিকদের রেশনে দিতে পারেন।