পোশাকশিল্প সমস্যায় জর্জরিত, সমাধানের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পোশাকশিল্প সমস্যায় জর্জরিত থাকার কথা স্বীকার করেছেন। এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কাজ করছে বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিএনএন টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার সিএনএনের অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়।বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন ভালো জায়গা বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। গত ২৪ এপ্রিল রাজধানী ঢাকার অদূরে সাভারে নয় তলা রানা প্লাজা ভবনধসে কমপক্ষে ৪৩৭ জনের মৃত্যুর ঘটনার আট দিন পর প্রধানমন্ত্রী এসব কথা বললেন। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে দুই হাজার ৪৩৭ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, কিছু সমস্যা আছে।’ তবে তিনি এ কথাও বলেন, ভবন ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তাদের সুপারিশ মন্ত্রিসভার কমিটির কাছে উপস্থাপন করবে। এর পাশপাশি পরিস্থিতির উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।বাংলাদেশে পোশাককর্মীদের ‘ক্রীতদাসের’ মতো খাটানো হয়—এমন অভিযোগ অস্বীকার করেন প্রধানমন্ত্রী।এত বড় একটা বিপর্যয়ের পর আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বাণিজ্য বন্ধ করবে কি না, এ ব্যাপারে সামান্যই আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু উঁচুমানের কর্মীদের জন্যই যে বিনিয়োগকারীরা বাংলাদেশি বাজারে লেগে আছেন, তা নয়। এখানে ‘শ্রম সস্তা’ বলেও তাঁরা আসেন।রাজধানীর ভেতর-বাহির মিলিয়ে এক লাখের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার নিরাপত্তাব্যবস্থা তদারকিতে পরিদর্শক আছেন মাত্র ১৮ জন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, ‘আমরা শুধু ওই পরিদর্শকদের ওপর নির্ভর করি না।’একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রেও কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। গত মাসে টেক্সাসে সার কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকে কিছু বলা যায় না।’দুর্ঘটনার দিন দুর্ভাগ্যজনকভাবে তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমিকদের জোর করে ওই ভবনে কাজে ঢুকিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেন। তিনি এই দুর্ঘটনার জন্য ভবনের মালিক সোহেল রানা ও ওই ভবনে অবস্থিত পাঁচটি তৈরি পোশাক কারখানার মালিককে দায়ী করেন।ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের কারণে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে যে বিতর্ক চলছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন তার নিজের গতিতে চলবে। অপরাধী অপরাধীই। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এই নিশ্চয়তা দিতে পারি। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার।’ তিনি বলেন, কোনো ব্যবসায়ী কোনো ধরনের অপরাধ করলে সরকার সব সময় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পণ্য প্রস্তুত করে নেয়, তাদের আরও পর্যাপ্ত অর্থ দেওয়া উচিত। তাহলে মালিকেরা শ্রমিকদের ভালোভাবে বেতন দিতে পারবে এবং নিরাপদ পরিবেশে ব্যবসা চালাতে সক্ষম হবে। একটি দুর্ঘটনার কারণে পুরো খাতকে দোষারোপ করা উচিত নয়।