পোশাকশিল্প: বেতন বৈষম্যের প্রতিবাদে ৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৈষম্যের প্রতিবাদে গাজীপুর সদর এলাকায় লিজ অ্যাপারেলস লিমিটেডের প্রায় দুই হাজার শ্রমিক প্রায় তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে আটটা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এ অবরোধ চলে। বেলা সোয়া ১১টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহমদউল্লাহ শ্রমিকদের দাবি অনুযায়ী সাত দিনের মধ্যে বাড়তি বেতন পরিশোধ এবং অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, দুই দিন আগে শ্রমিকদের নভেম্বর মাসের বেতন দেওয়া হয়। এতে দেখা যায়, সরকারি নতুন বেতন কাঠামো অনুযায়ী নতুন ও পুরোনো শ্রমিকদের বেতন প্রায় কাছাকাছি। কোনো শ্রমিকের হয়তো বেড়েছে দুই হাজার টাকা আর কারও বেড়েছে ২০০ টাকা। বেতন দেওয়ার সময় মালিক পক্ষের কাছে এর প্রতিবাদ জানানো হলে তারা জানায়, সরকারি কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হয়েছে। এখানে তাদের কিছু করার নেই। তাই এর প্রতিবাদে আজ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, অবরোধের কারণে আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। শ্রমিকেরা অবরোধ তুলে নিলেও যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।