পোশাকশিল্পে অসন্তোষ: হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি
পোশাকশিল্পের নেতা-কর্মীদের ধরপাকড় ও নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি এ দাবি জানায়।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক ফিল রবার্টসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ চিঠিটি লিখেন। চিঠির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছেও পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠনটি মনে করে, সরকারের এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপ শ্রমিক অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন নেতা ও পোশাকশিল্পের কর্মীদের বিরুদ্ধে নিপীড়নেরই এক অংশ। কারণ, তাঁরা ন্যূনতম মজুরির হার বাড়ানোর পাশাপাশি সংগঠিত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে গত ২৯ জুলাই ন্যূনতম মজুরি ঘোষণার পরের দুই দিন শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নেওয়া পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়। ফিল রবার্টসন তাঁর চিঠিতে লিখেছেন, ‘বিক্ষোভকারীদের অপরাধমূলক সহিংস তৎপরতা বন্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারতে। কিন্তু বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সুযোগ নেই। দুঃখজনক হলেও সত্যি, সরকার সমস্যা সমাধানের পরিবর্তে শ্রমিক স্বার্থ রক্ষায় জড়িত কর্মীদেরই বলির পাঁঠা বানিয়ে তাঁদের গ্রেপ্তারের যৌক্তিকতা প্রমাণে সচেষ্টা।’