পোশাকশিল্পে অস্থিরতা নিয়ে ইইউর উদ্বেগ
দেশের পোশাকশিল্পের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে তাঁদের এ উদ্বেগের কথা জানান।বৈঠক শেষে স্টিফেন ফ্রোয়েন প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের বর্তমান অস্থিরতা, শ্রমিকদের মজুরি ও অধিকার নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাঁকে ইইউর উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রী প্রথম আলোকে বলেন, সরকার পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য কাজ করছে। একজন বিচারপতির নেতৃত্বে গঠিত কমিশন আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে জানাবে। এ ছাড়া সরকার পোশাক কারখানার আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট আছে। এসব বিষয় ইইউর প্রতিনিধিদলকে জানানো হয়েছে বলে তিনি জানান। তিনি মনে করেন, ইইউ প্রতিনিধিদল তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউরোপের দেশগুলো বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সবচেয়ে বড় বাজার। তাই তাঁরা এ শিল্পের বর্তমান অবস্থা নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানাতে এসেছিলেন