পোশাকশিল্পে অস্থিরতা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের একাধিক সদস্য তৈরি পোশাকশিল্পে অস্থিরতা বন্ধ করতে সরকার, শ্রমিক ও মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নস্যাতের চেষ্টা করছে একটি মহল। বিরোধী দল শ্রমিকদের অসন্তোষ কাজে লাগিয়ে তাদের হরতালে সম্পৃক্ত করতে চায়।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার রাতে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এই আলোচনা ছিল অনেকটাই নিষ্প্রাণ। বিরোধী দল বিএনপি গতকালও সংসদে ফেরেনি।বাজেট-আলোচনায় সরকারি দলের জহিরুল হক ভুইয়া বলেন, ‘তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করুন, সরকার যে মজুরিই ঘোষণা করুক, মালিকেরা বকেয়াসহ তা দিয়ে দেবেন।’ তিনি বলেন, বিরোধী দল তাদের হরতাল সফল করতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।মাহামুদ উস সামাদ চৌধুরী বলেন, তৈরি পোশাকশিল্পে অসন্তোষ চলছে। এ শিল্পের মালিকেরা অসহায় হয়ে পড়েছেন। এ অস্থিরতা কারা তৈরি করছে, তা সরকারকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।রওশন জাহান বলেন, শ্রমিকদের এমন মজুরি দিতে হবে, যাতে তারা ডাল-ভাত খেতে পারে। বর্তমানে শ্রমিকদের যে বেতন দেওয়া হচ্ছে, তা শ্রম শোষণের অমানবিকতা।পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। অথবা এ ব্যাপারে একটি সংসদীয় কমিটিও করা যেতে পারে। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার বলেন, ‘সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।’ বাজেট-আলোচনায় আরও অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ইদ্রিস আলী, জাহেদ মালেক, ইলিয়াস উদ্দিন মোল্লা, সারাহ বেগম কবরী, নুর আফরোজ আলী, মাহাবুব আরা, মমতাজ বেগম, নজরুল ইসলাম, মমতাজ বেগম, জহিরুল হক, রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম খান, জাতীয় পার্টির মাইদুল ইসলাম প্রমুখ। বাজেট-আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।