পোশাকশিল্পে প্রশিক্ষণ
প্রশিক্ষিত ও দক্ষ লোকের চাহিদা আছে সব শিল্পেই। শতভাগ রপ্তানিমুখী ও উৎপাদননির্ভর পোশাকশিল্পে দক্ষ লোকের প্রয়োজনটা আরও বেশি। কিন্তু এ শিল্পে কর্মরত হাজার হাজার নারী শ্রমিকের অনেকেরই কাজের ক্ষেত্রে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ থাকে না। কাজ করতে এসেই শিখে নিতে হয় অনেক বিষয়। যে কারণে প্রতিযোগিতামূলক এ শিল্পে কাজের ক্ষেত্রে এসব অনভিজ্ঞ ও প্রশিক্ষণহীন কর্মীরা প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীদের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকেন। তাই বলে এটাই শেষ কথা নয়। তাঁদেরও প্রশিক্ষণ নিয়ে দক্ষ ও অভিজ্ঞ হওয়ার সুযোগ আছে। আর যাঁরা এ পেশায় নতুন আসতে চান, তাঁরাও প্রশিক্ষণ নিয়ে নিজেদের তৈরি করতে পারেন। মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত প্রতিষ্ঠান ‘শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি’ পোশাকশিল্পে নারীদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। জার্মান দাতা সংস্থা জিআইজেড এসব বিষয়ে কারিগরি সহায়তা দেয়। সেপ্টেম্বর মাস থেকে এখানে দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ২৮ আগস্ট। প্রশিক্ষণের বিষয় ও আসন: শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমির ট্রেনিং ফর ডিজঅ্যাডভানটেজ ওমেন ফর রেডিমেড গার্মেন্টস প্রকল্পের প্রকল্প পরিচালক ইউরিদা সাঈদ জানান, রেডিমেড গার্মেন্টস মেশিন অপারেটর ও রেডিমেড গার্মেন্টস সুপারভাইজার—এ দুটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে আবাসিক ও অনাবাসিক দুই ধরনের লোক নেওয়া হবে। এর মধ্যে মেশিন অপারেটর কোর্সে ৩২ জন আবাসিক ও ৩২ জন অনাবাসিক মিলিয়ে মোট ৬৪ জন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। আর মেশিন সুপারভাইজার-কোর্সে অনাবাসিক ১৬ জনকে সুযোগ দেওয়া হবে। তবে আগ্রহী প্রশিক্ষণার্থীদের একটি নির্বাচনী পরীক্ষার মাধ্যমে বাছাই করে মোট ৮০ জনকে এ কোর্সগুলো করার সুযোগ দেওয়া হবে। যা শেখানো হবে: প্রশিক্ষণগুলোতে পোশাকশিল্প খাতের মেশিন অপারেটর ও সুপারভাইজারদের কাজের নানা বিষয় হাতে-কলমে শেখানো হবে। মেশিন অপারেটরদের কাপড়ের সব অংশ মিলিয়ে একটি পূর্ণাঙ্গ পোশাক বানানো, কম সময়ে অধিক পোশাক উৎপাদন, কাজে ত্রুটি পরিহার ও সেলাইয়ে দক্ষতা বাড়ানো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আর মেশিন সুপারভাইজার কোর্সে পোশাক উৎপাদনকালীন কাজের সার্বিক সমন্বয়, পোশাক তৈরির বিষয়ে সম্যক ধারণা, উৎপাদনকালীন সতর্কতা ও সচেতনতাসহ আরও বেশ কিছু বিষয় শেখানো হবে। তবে প্রশিক্ষণে ব্যবহারিক বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান ইউরিদা সাঈদ। শিক্ষাগত যোগ্যতা: রেডিমেড গার্মেন্টস মেশিন অপারেটর আবাসিক প্রশিক্ষণ নিতে চাইলে এসএসসি উত্তীর্ণ হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে এ যোগ্যতা শিথিলযোগ্য। এ বিষয়ে অনাবাসিক প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। রেডিমেড গার্মেন্টস সুপারভাইজার কোর্সে অনাবাসিক প্রশিক্ষণের বেলায় এসএসসি পাস হতে হবে।অনাবাসিক প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ হতে হবে এবং জিরানী, গাজীপুরের আশপাশের এলাকায় বসবাসরত হতে হবে। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা: ইউরিদা সাঈদ বলেন, যেকোনো বিষয়ে প্রশিক্ষণ নিলে ওই কাজ বা বিষয় সম্বন্ধে প্রশিক্ষণার্থীর ধারণা স্বচ্ছ হয়। এর ফলে বিষয়টির খুঁটিনাটি জানাশোনা হয়ে যায়। এতে ওই বিষয়ে কাজ করা অনেক সহজ হয়। আর পোশাকশিল্পের মতো উৎপাদননির্ভর শিল্পে প্রশিক্ষণের প্রয়োজনটা আরও বেশি। তিনি আরও বলেন, ‘আমাদের পোশাকশিল্প রপ্তানিনির্ভর হওয়ায় পোশাকশিল্প মালিকেরা কর্মী নিয়োগের ক্ষেত্রে কম সময়ে অধিক উৎপাদন করতে পারে, এমন কর্মীদের প্রাধান্য দেয়।’প্রশিক্ষণের সুযোগ-সুবিধা: আবাসিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালীন বিনা খরচে আবাসন ও খাবারের ব্যবস্থা করা হবে। তাঁরা মাসিক ৩০০ টাকা করে ভাতাও পাবেন। তবে অনাবাসিক প্রশিক্ষণার্থীদেরও প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণার্থীরা পোশাকশিল্পের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাবেন। মিলবে সনদ: দুই মাসের স্বল্পমেয়াদি এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এতে ৩০ নম্বরের তত্ত্বীয়, ৬০ নম্বরের ব্যবহারিক ও ১০ নম্বরের অন্যান্য প্রশ্ন করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের মেধা অনুযায়ী সরকারি সনদপত্র দেওয়া হবে। আছে চাকরির সহায়তা: এখানকার প্রশিক্ষণ শেষে বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সহায়তা করা হয়। এখানে শুধু প্রশিক্ষণই দেওয়া হয় না, পাশাপাশি চাকরির ব্যাপারেও সহায়তা করা হয় বলে জানান ইউরিদা সাঈদ। ভালো করতে হলে: ইউরিদা সাঈদ বলেন, পোশাকশিল্পের এসব বিষয়ে ভালো করতে হলে ধৈর্যের পাশাপাশি কারিগরি জ্ঞান থাকতে হবে। পোশাকশিল্পের কাজ অনেকটাই যন্ত্রনির্ভর হওয়ায় এ ধরনের কাজে কারিগরি জ্ঞান থাকাটা জরুরি। বিস্তারিত জানতে: প্রকল্প পরিচালক, আরএমজি প্রকল্প, শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর। ০১৭১১৮৬৯১১৪, ০১৭১৬৯১৭৫৪২, ০১৯১৪৬৩৪২৯০, ০১৭১২৫৮৮১৩৯।