নতুন বেতনকাঠামো মেনে নিয়ে কাজে যোগ দেওয়ার জন্য পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাকশিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির জন্য বিরোধী দলের নেত্রীকে অভিযুক্ত করে বলেছেন, তিনি উসকানি দিয়ে এই অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পূর্ব গেটে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংস্থা বিজিএমইএ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরে গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামে ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে তিনি ওই সব অনুষ্ঠানে বক্তৃতা করেন।শেখ হাসিনা বলেন, ‘পোশাকশিল্প দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। এই খাতে প্রায় ৩৫ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ শ্রমিক নারী। পরোক্ষভাবে প্রায় চার কোটি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। তাই পোশাকশিল্পের উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ও নেবে। পাশাপাশি শ্রমিকদের সমস্যার সমাধানেও সরকার অনেক আন্তরিক। শ্রমিকেরা সর্বনিম্ন এক হাজার ৬০০ টাকা বেতন পেতেন, তা তিন হাজার টাকায় উন্নীত করা হয়েছে। তবে আমরা লক্ষ করছি, কিছু মানুষ পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে।’ঢাকার আশুলিয়ায় গত শুক্রবারের ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকেরা বেশ কিছু বাড়ি ও অফিস-আদালত ভেঙেছেন। তৈরি পোশাক পুড়িয়েছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘এতে কে লাভবান হয়েছে? শ্রমিক, মালিক, না অন্য কেউ? বরং মালিক ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আমরা তা সহ্য করব না।’শ্রমিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা কারও উসকানিতে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই শিল্প আপনাদের খাদ্য জোগাচ্ছে, পরিবার-পরিজন নিয়ে বাঁচার সুযোগ করে দিচ্ছে। এই শিল্প ধ্বংস করে আপনারা কখনো লাভবান হবেন না। প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এসব বিবেচনায় রাখতে হবে। এমন কিছু করা উচিত নয়, যাতে শিল্প-কলকারখানা বন্ধ হয়ে যায়। পোশাকশিল্প বন্ধ হয়ে গেলে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘরে বসে থাকতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কথা দিচ্ছি, বিশ্বমন্দা দূর হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। আমাদের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পাবে। তখন শ্রমিকদের বেতন-ভাতা আরও বৃদ্ধি করা হবে। তাঁদের বাসস্থানের ব্যবস্থা করা হবে।’শেখ হাসিনা আরও বলেন, ‘মালিকপক্ষ তিন হাজার টাকার ব্যাপারে রাজি ছিল না। এ নিয়ে আমি নিজেই তাঁদের সঙ্গে কথা বলেছি। এখন বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না।’মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের লক্ষ রাখতে হবে, শ্রমিকেরা যেন ভালোভাবে চলতে পারেন, পেট ভরে খেতে পারেন, মন দিয়ে কাজ করতে পারেন, সেই পরিবেশ মালিকদের সৃষ্টি করতে হবে। তবেই উৎপাদন ও মান বৃদ্ধি পাবে।গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, একটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধন এবং গোপালগঞ্জে জনসভাসহ মোট ছয়টি কর্মসূচিতে যোগ দিতে এক দিনের সফরে গতকাল সকালে গোপালগঞ্জে আসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়।বিরোধী দলের নেত্রী পোশাকশিল্পে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির জন্য বিরোধী দলের নেত্রীকে অভিযুক্ত করে বলেছেন, তিনি উসকানি দিয়ে এই অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। গতকাল বিকেলে টেলি কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে শেখ কামাল স্টেডিয়ামে ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে পরাজিত হয়ে দুর্নীতি করতে পারছেন না বলেই বিরোধী দলের নেত্রী সরকার উৎখাতের ক্ষেত্র তৈরির কথা বলছেন। প্রধানমন্ত্রী বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতি ও জঙ্গিবাদকে মদদ দেওয়ার অভিযোগ করে বলেন, সরকার দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেই বিরোধী দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। কারণ, বর্তমান সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ ও সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পোশাকশিল্পে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টিকারী ও তাদের মদদদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।এর আগে প্রধানমন্ত্রী টেলিফোনে সদর উপজেলার হরিদাসপুরে গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট উদ্বোধন ঘোষণা করেন। ৭৭৪ কোটি টাকা ব্যয়ে পিডিবির তত্ত্বাবধানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড প্লান্ট নির্মাণকাজ বাস্তবায়ন করবে।