পোশাকশিল্পের অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা- উত্তরকালে বাংলাদেশে ব্যক্তি খাতভিত্তিক, রপ্তানিমুখী ও শ্রমঘন শিল্প উন্নয়নের যে কাঠামো দাঁড়িয়েছে, সেখানে তৈরি পোশাক খাত মূল ভূমিকা পালন করছে। ১৯৮০ সালে মাত্র শূন্য দশমিক ১ কোটি ডলারের পোশাক রপ্তানি বেড়ে ২০১০ সালে এক হাজার ২৫০ কোটি ডলারে পৌঁছেছে। আশির দশকের কাপড় সেলাইয়ের মতো ন্যূনতম মূল্য সংযোজন শিল্প আজ বিশ্বমানের সুতা, কাপড় ও এক্সেসরিজের পশ্চাৎসংযোগ শিল্পে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বমানের কারখানা। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো চীনের পাশাপাশি বাংলাদেশে তাদের অর্ডার বাড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, ২০১০ সালে বিশ্বমন্দার সাময়িক ধাক্কা (২০০৯-১০ অর্থবছরে প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২ শতাংশ) কাটিয়ে পোশাকশিল্প নতুনভাবে এগিয়ে চলেছে (জুলাই-নভেম্বর, ২০১০ সময়কালে প্রবৃদ্ধি ৩৬ দশমিক ৪ শতাংশ); ইউরোপ-আমেরিকার পাশাপাশি জাপান, তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াচ্ছে। তৈরি পোশাক উৎপাদন এবং রপ্তানির দিক থেকে আজ বিশ্বে বাংলাদেশের অবস্থান সামনের সারিতে।পোশাকশিল্পের এ অগ্রযাত্রায় শিল্প-সম্পর্কের বিষয়টি বারবার আলোচনায় এসেছে। এ খাতে আজ যে ধরনের শিল্প-সম্পর্ক বিরাজ করছে তা বিগত দশকের অর্থনৈতিক, রাজনৈতিক এবং শ্রমসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের ফল। আশির দশকের অর্থনৈতিক উদারীকরণ, রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ও তার বিকাশ এবং উদ্যোক্তা-পর্যায়ে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরন্তর ব্যয় হ্রাসের প্রচেষ্টা পোশাকশিল্পের শিল্প-সম্পর্ককে প্রভাবিত করেছে।আশির দশকে কোটা প্রথা এবং ‘সস্তা’ শ্রমের সহজলভ্যতায় পোশাক-শিল্পের বিকাশ ঘটলেও সাম্প্রতিক কালে দেশীয় বিচারে শ্রমিক আর সেভাবে ‘সস্তা’ নয় এবং শ্রমিকের প্রাপ্যতাও ততটা সহজলভ্য নয়। আজ যাঁরা শ্রমিক হিসেবে আসছেন, তাঁরা অপেক্ষাকৃত শিক্ষিত নারী ও পুরুষ শ্রমিক, তাঁরা পুরোপুরি কর্মহীন নন, বিভিন্ন রকমের কাজের সুযোগের তথ্য তাদের রয়েছে এবং তাঁরা শহুরে নাগরিক সুবিধাগুলো পেতে আগ্রহী। একই সঙ্গে উৎপাদনশীলতায়ও তাঁরা বিগত দশকের শ্রমিকদের চেয়ে অনেক এগিয়ে। পোশাক খাতের বিস্তৃতির সঙ্গে সঙ্গে এ শিল্পের উদ্যোক্তারা অন্যান্য খাতে বিনিয়োগ করছে। কখনো কখনো উদ্যোক্তারা ব্যবসায়ী-রাজনৈতিক হিসেবে আবির্ভূত হচ্ছেন। এর ফলে এ খাতের শিল্প-সম্পর্কে দুই ধরনের প্রতিক্রিয়া ঘটছে। প্রথমত, শ্রমঘন শিল্পের সংবেদনশীলতার জন্য উদ্যোক্তাকে কারখানায় যতটুকু সময় ব্যয় করা দরকার বহুমুখী উদ্যোগে জড়িয়ে পড়ায় তাঁরা সে সময় দিতে পারছেন বলে মনে হয় না। দ্বিতীয়ত, ব্যবসায়ী-রাজনৈতিক হিসেবে নীতিনির্ধারণী পর্যায়ে উদ্যোক্তাদের পক্ষে নীতি গ্রহণে ভূমিকা রাখতে সচেষ্ট থাকছেন। আশির দশকে পোশাকশিল্পের উদ্ভব ও বিকাশকালে ট্রেড ইউনিয়নের যে রাজনৈতিক ব্যবহার লক্ষ করা গেছে, সে কারণে উদ্যোক্তারা কারখানা-পর্যায়ে ট্রেড ইউনিয়নের ব্যাপারে উৎসাহ বোধ করেন না। অবশ্য জাতীয় পর্যায়ের ট্রেড ইউনিয়ন এবং কারখানা পর্যায়ের শ্রমিক কল্যাণ কমিটিগুলো (মূলত ইপিজেড এলাকায়) কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পোশাক কারখানায় শিল্প-সম্পর্ক উন্নততর করতে যখন প্রচলিত প্ল্যাটফর্মগুলো অকার্যকর হিসেবে প্রতীয়মান হচ্ছে, তখন শক্তিশালী, কার্যকর ও প্রতিনিধিত্বশীল ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। বিভিন্ন দেশের শিল্প-সম্পর্ক অধ্যাদেশ পর্যালোচনা করে ট্রেড ইউনিয়নকে শ্রমিকদের দর-কষাকষির প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার এখনই সময়। একটি শক্তিশালী শিল্প-সম্পর্কের আইনি কাঠামোর অধীনে একদিকে যেমন কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা যেতে পারে, অন্যদিকে ট্রেড ইউনিয়নে জড়িত থাকায় শ্রমিক ছাঁটাই বা কারখানা বন্ধের মতো পদক্ষেপ গ্রহণে নিষেধাজ্ঞা থাকতে পারে।খন্দকার গোলাম মোয়াজ্জিম: অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়লগ