পোশাকশিল্পের অগ্রযাত্রা ধরে রাখতে পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি পোশাকশিল্প। এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে। আর রানা প্লাজা ধসের পর বাংলাদেশের ওপর সারা বিশ্বের সন্দিগ্ধ নজর রয়েছে। তাই ভবনধসের বিয়োগান্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে কি না, তার প্রতিও লক্ষ রাখা হচ্ছে। গতকাল বুধবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান। সফরের শেষ দিনে গতকাল তিনি ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসায় আলাপচারিতায় পোশাকশিল্পের পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন। অ্যালান ডানকান জানান, নির্বাচনকালীন সরকার পরিচালনার ব্যাপারে সহায়তা চাওয়া হলে তাঁর দেশের অভিজ্ঞতায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়া হবে। রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে গত সোমবার তিন দিনের সফরে ঢাকায় আসেন অ্যালান ডানকান। এ সফরের সময় তিনি বিয়োগান্ত ঘটনার শিকার হওয়া লোকজনকে দেখতে সাভারে যান। এ ছাড়া পরিস্থিতি সম্পর্কে পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলেন।অ্যালান ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও বৈঠক করেন। বিজিএমইএর দায়িত্ব ও সরকারের সদিচ্ছা: অ্যালান ডানকান বলেন, বাংলাদেশে বার্ষিক ৬ শতাংশ হারে যে প্রবৃদ্ধি হচ্ছে, তা অত্যন্ত ভালো। কিন্তু উন্নয়নের এমন এক পরিস্থিতিতে হরতাল ও অবরোধ মোটেই সুসংবাদ নয়। তিনি বলেন, ‘এটা অনস্বীকার্য, অর্থনৈতিক উন্নয়নের এক সঠিক যাত্রাপথেই রয়েছে বাংলাদেশ। আর এ যাত্রায় সঠিক গন্তব্যে যেতে আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই।’ যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী মনে করেন, বাংলাদেশের সাফল্যের পুরোটাই শুধু পোশাকশিল্প নয়। তিনি বলেন, সবটুকু না হলেও পোশাকশিল্প এ দেশের আর্থসামাজিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এ শিল্পের সাফল্য অব্যাহত রাখতে হলে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই নিতে হবে। কোনো রকম ঝুঁকির দরুন যাতে এ সাফল্য থমকে না যায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। কারণ, এ শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক রয়েছেন, যাঁদের ৮০ ভাগই নারী। সাভারে ভবনধসের পর শ্রমমানের উন্নতির ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে এখনো যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে মনে করেন অ্যালান ডানকান। তিনি বলেন, এ ক্ষেত্রে বিজিএমইএ নেতৃত্বকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যেসব পোশাক কারখানার বিরুদ্ধে নিম্নমানের শ্রম পরিস্থিতির অভিযোগ রয়েছে, সেগুলোকে সংস্থার সদস্য না রাখার ব্যাপারে বিজিএমইএ নেতৃত্বকে কঠোর ভূমিকা নিতে হবে। সদস্য থাকার মানদণ্ড নিশ্চিত করার মধ্য দিয়ে বিজিএমইএ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ডানকান বলেন, সরকার পোশাক কারখানায় তদারকির লক্ষ্যে পরিদর্শকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। তবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সদিচ্ছার বহিঃপ্রকাশও ঘটাতে হবে। উন্নত শ্রমমান নিশ্চিতের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের দায়িত্ব পালন করছে বলে মনে করেন যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নত পরিবেশের ক্ষেত্রে তাঁদের যে অবদান, তার স্বীকৃতি দেওয়া উচিত। আর এসব প্রতিষ্ঠানকে অনুসরণ করলেই পরিস্থিতির গুণগত পরিবর্তন ঘটবে। তবে চূড়ান্ত বিচারে কারখানাগুলোই মূল নিয়ামক। অ্যালান ডানকান বলেন, ‘আমি পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সারা বিশ্ব বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে। রানা প্লাজা ধসের জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার করে শাস্তি দেওয়া হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’ তাঁর দেশের সহায়তার কথা উল্লেখ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার অংশ হিসেবেই তাঁদের প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য নতুন কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পোশাকশিল্পের শ্রমিকদের কাজের গুণগত মানের উন্নতি হবে। রাজনীতিতে সহায়তা যুক্তরাজ্যের অভিজ্ঞতায়: রাজনৈতিক সংকট নিরসনে যুক্তরাজ্য কীভাবে সহায়তা করবে জানতে চাইলে অ্যালান ডানকান বলেন, ‘নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগোবে কি না তা নিয়ে অনেকের মাঝে সুস্পষ্ট উদ্বেগ লক্ষ করেছি। কেউ কেউ যদিও মনে করেন, সবকিছু ঠিকমতোই হবে। তবে সাংবিধানিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ রয়েছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের লোকজনকেই সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য দূর করে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার উদ্যোগ নিতে হবে। আর কোনো ধরনের সহিংসতা ছাড়াই গণতন্ত্রের এ ধারা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে যেকোনো ধরনের সহিংসতার আমরা কঠোর নিন্দা জানাই।’ ডানকান বলেন, ‘যুক্তরাজ্যের সাংবিধানিক রীতি অনুযায়ী নির্বাচনকালীন সরকার কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে জানতে চাইলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের দেশের অভিজ্ঞতায় নির্বাচিত সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনকালীন সরকারের দায়িত্ব কতজন পার্লামেন্ট সদস্য পালন করেন, নির্বাচনী প্রচারণা কত দিনের হবে সংশ্লিষ্ট বিষয়ে জানাব।’ টেকসই উন্নয়নে সুষ্ঠু রাজনীতি: বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন টেকসই করতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুদূরপ্রসারী পরিকল্পনার ওপর গুরুত্ব দেন অ্যালান ডানকান। তিনি বলেন, ‘অর্থনৈতিক সাফল্য টেকসই করতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। কারণ, ভবিষ্যতে ক্রমবর্ধমান জ্বালানি সমস্যার মোকাবিলা করতে হবে। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে বাংলাদেশকে নিয়ে অনেক ভালো খবর আছে, আছে ভালো অর্জন। আমি আশা করি, ভবিষ্যতে বাংলাদেশের জন্য এমন দিন আসবে, যখন তার সাফল্যের জন্য যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তার প্রয়োজন হবে না।’সংবাদ সম্মেলনে ডানকান: সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে কোনো ধরনের সহিংসতা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কারণ সারা বিশ্ব এখন বাংলাদেশের ওপর তীক্ষ নজর রাখছে।গতকাল দুপুরে ব্রিটিশ হাইকমিশন ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যালান ডানকান এ কথা বলেন। তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, বাংলাদেশের অদক্ষ পোশাক ও নির্মাণ শ্রমিকদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্য এ দুই শিল্পের এক লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচিতে যুক্তরাজ্যের খরচ হবে ১৮ মিলিয়ন পাউন্ড। রানা প্লাজা ধসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পণ্য বর্জনের দাবি সম্পর্কে জানতে চাইলে অ্যালান ডানকান বলেন, ‘লোকজন বাংলাদেশের পোশাক বর্জনের দাবি তুলছে। এ ধরনের দাবি উন্মাদনা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তাই আমি এ ধরনের দাবির ঘোরতর বিরোধী। কারণ, এ পদক্ষেপ নেওয়া হলে এটি উন্নয়নের পথে বিপর্যয় সৃষ্টি করবে।’ সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে অ্যালান ডানকান বলেন, রাজনৈতিক নেতারা যখন একে অন্যের বিরুদ্ধে তুমুল লড়াইয়ে অবতীর্ণ হন, তখন সংলাপ আয়োজনটা সহজ নয়।