পোশাকশিল্পের অবস্থা নিয়ে ক্রেতারা চিন্তিত
বিদেশি ক্রেতারা বাংলাদেশের পোশাকশিল্প-পরিস্থিতি নিয়ে চিন্তিত। তাঁরা এ দেশে ব্যবসা করতে এসেছেন, সরকারকে পরামর্শ দিতে নয়। কিন্তু শিল্পে অস্থিরতার কারণে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। ঠিক সময়ে পোশাক সরবরাহ করা যাচ্ছে না। ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।পোশাকশিল্পের ২৫ জন বিদেশি ক্রেতার সঙ্গে গতকাল বুধবার প্রথমবারের মতো বৈঠক করে শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে তৈরি পোশাকের ক্রেতারা এসব কথা বলেন। শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতারা বলেছেন, দ্রুত শ্রমিক অসন্তোষ দূর করতে পারলে তাঁদের পাশাপাশি সরবরাহকারী ও শ্রমিকেরা উপকৃত হবেন বলে মনে করেন তাঁরা। শ্রমিকদের সঙ্গে মালিকদের খোলামেলা আলোচনার পরামর্শ দিয়ে তাঁরা কাজের পরিবেশ নিশ্চিত করার কথা বলেন। বেতন-ভাতাসহ সব সমস্যা নিয়ে আলোচনার জন্য অংশীদারি বা পার্টিসিপেশন কমিটি গঠন করার পরামর্শ আসে বৈঠকে। তাঁরা পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো, বাড়িভাড়া নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও সরকারের নজরে আনেন।জবাবে সরকারের পক্ষ থেকে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, পোশাকশিল্পের অস্থিরতা কমাতে তাঁরা সব ধরনের উদ্যোগ নিয়েছেন। বাড়িভাড়া নিয়ন্ত্রণে ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন’ কঠোরভাবে প্রয়োগ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাঁরা ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবেন। শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে খাদ্য বিভাগ প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, তবে সরকার মনে করছে, এ মুহূর্তে বেতন বাড়ানো সম্ভব নয়। বেতন বাড়ালে আবারও বাড়িভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্ত্রী বৈঠকে দাবি করেন। জানতে চাইলে শ্রমমন্ত্রী প্রথম আলোকে বলেন, মূলত ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করার জন্য এ বৈঠক হয়েছে। তিনি বলেন, কেউ কেউ মনে করছেন, এখানে পরিস্থিতি অনেক খারাপ। তবে ক্রেতারা এ ধরনের কোনো বক্তব্য দেননি। মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকের শুরুতে শ্রমমন্ত্রী ক্রেতাদের কাছে পোশাকশ্রমিকদের জন্য নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। ক্রেতাদের কাছে মন্ত্রী জানতে চান, তাঁরা কি মনে করেন, ব্যবসা করার মতো পরিবেশ নেই? জবাবে ক্রেতারা বলেন, ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই বলে তাঁরা মনে করেন না। তবে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা হবে বলে তাঁরা মনে করেন। মন্ত্রী ক্রেতাদের আশ্বস্ত করে বলেন, সরকার এসব সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেবে।ক্রেতারা শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ডের বিষয়টির কেন এখনো সুরাহা হলো না, এর পেছনে কী কারণ থাকতে পারে, তা শ্রমমন্ত্রীর কাছে জানতে চান। শ্রমমন্ত্রী বলেন, দেশে শুধু শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ড হননি, আরও অনেকে নিহত হয়েছেন। সরকার প্রতিটি হত্যাকাণ্ডকেই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং যারা দায়ী, তাদের গ্রেপ্তারে চেষ্টা করছে। আমিনুলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।আলোচনার বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ক্রেতারা শ্রমিক অসন্তোষ নিয়ে প্রশ্ন করেছে। কাজের পরিবেশ তৈরি করার কথা বলেছে। তবে ব্যবসার পরিবেশ নেই এমন কথা ক্রেতারা বলেননি।বৈঠক শেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত মাসে শ্রমিক অসন্তোষের কারণে দেশের তৈরি পোশাকশিল্পের অবস্থা খারাপ এবং ক্রেতাদের পক্ষে এখানে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব বলে মার্কিন রাষ্ট্রদূত বক্তব্য দিয়েছিলেন। তবে ক্রেতারা তাঁকে এমন কিছু বলেননি।শ্রমিকদের বাড়িভাড়ার সমস্যাকে ‘অত্যন্ত মানবিক’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের আবাসন বা ডরমিটরি নির্মাণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকা এই টাকা মাত্র ১ শতাংশ সুদে মালিকেরা নিতে পারবেন। এ ঋণ নিয়ে তাঁরা শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে পারেন।শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিকাইল শিপার, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান ও বিজিএমইএর ক্রেতাবিষয়ক পরামর্শক জেনিফার জাব্বার, ওয়ালমার্ট, টেসকো, জেসিপিনি, প্রিমার্ক, নাইকি, নিউ ওয়েব গ্রুপ, গ্যাপ, ইনডেক্স ইত্যাদি প্রতিষ্ঠানের ক্রেতা প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।