পোশাকশিল্পের নারীশ্রমিকদের আবাসনের বন্দোবস্ত হচ্ছে চট্টগ্রামে
নারী পোশাকশ্রমিকের বসবাসের উপযোগী আবাসনসুবিধা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতির (বিজিএমইএ) মধ্যে আজ রোববার আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে একসঙ্গে তিন হাজার নারীশ্রমিকের আবাসনের বন্দোবস্ত করা হবে।নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় ৮৪ একর জায়গায় ওপর ছয় তলাবিশিষ্ট পাঁচটি আবাসন ভবনে এই সুবিধা থাকবে। এর জন্য ব্যয় হবে প্রায় ৩৫ কোটি টাকা। পোশাকশিল্পের নারীশ্রমিকদের জন্য দেশে এ ধরনের আবাসনের উদ্যোগ প্রথম বলে অনুষ্ঠানে জানানো হয়।আজ রোববার দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।চুক্তি অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় নিজ খরচে এই ভবন নির্মাণ করবে। পরে পাঁচটি ভবনের জন্য পাঁচটি কিস্তিতে বিজিএমইএ পুরো অর্থ পরিশোধ করবে। আগামী দুই বছরের মধ্যে ভবন পাঁচটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা আছে।চুক্তি সই উপলক্ষে ওই অনুষ্ঠানে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এম এ ছালাম প্রমুখ।