পোশাকশিল্পের পরিবেশগত ছাড়পত্র লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১২ ধারানুযায়ী, দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের শিল্পকারখানা গড়ে তুলতে চাইলে উদ্যোক্তাকে বিধিমালা-নির্ধারিত পদ্ধতিতে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে কোনো এলাকায় কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ করা যাবে না। বিধিতে পরিবেশের ওপর প্রভাব বিস্তার ও অবস্থান অনুযায়ী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের শ্রেণীবিভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে: সবুজ শ্রেণী, কমলা ‘ক’ ও কমলা ‘খ’ এবং লাল শ্রেণী। দপ্তরটি আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে পরিবেশগত নানা দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যদি পরিবেশগত কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, সে ক্ষেত্রে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র দেয়। সবুজ শ্রেণীতে রয়েছে ২২টি, কমলা ‘ক’তে ২৬ ও ‘খ’তে ৬৯টি এবং লাল শ্রেণীতে ৬৮টি। এসব শ্রেণীতে ছোট, মাঝারি ও বড় সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানের নামের তালিকা রয়েছে। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ২০-এ প্রদত্ত ক্ষমতাবলে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭-এর সংশোধন আনে। সংশোধনীতে কমলা ‘খ’ শ্রেণী শিরোনামহীন ক্রমিক নম্বর ৬০-এর বিপরীতে উল্লিখিত পোশাক ও সোয়েটার প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তত্কালীন সরকার অতি উত্সাহিত হয়ে এ সংশোধনী আনেন, কিন্তু তা ক্ষতি ডেকে এনেছে। দপ্তর সূত্রে জানা যায়, তাদের বিরোধিতা থাকলেও তাদের মতামতকে অগ্রাহ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প-সংশ্লিষ্ট অনেকে সরকারকে নানাভাবে ভুল বুঝিয়ে আইনটি পাস করায় বলেও জানা যায়। তাদের যুক্তি ছিল, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিতে তাদের অনেক ঝামেলায় পড়তে হয়। আর এ থেকে রক্ষা পেতে সংশোধনীটি হয়। তা ছাড়া এগুলো তো কোনো তরল বর্জ্য তৈরি করে না। ফলে বর্তমানে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে আর পরিবেশগত ছাড়পত্র নিতে হয় না। দপ্তর সূত্রে জানা গেছে, এর পর থেকে এরা যেমন পরিবেশগত ছাড়পত্র নিতে আসে না, তেমনি বেপরোয়াভাবে ও অপরিকল্পিতভাবে এসব শিল্পকারখানা গড়ে উঠছে। সূত্র জানায়, এ ধরনের প্রতিষ্ঠান তরল বর্জ্য তৈরি না করলেও তারা নানাভাবে নগরজীবনের জন্য হুমকি। দপ্তর এ আইন হওয়ার আগে আবাসিক এলাকায় এ ধরনের প্রতিষ্ঠানের অনুমতি দিত না। কারণ, আবাসিক এলাকায় সব ধরনের নাগরিকসুবিধা, যেমন: গ্যাস, পানি, বিদ্যুতের চাহিদা একভাবে নকশা করা। সেখানে যদি কোনো শিল্পকারখানা গড়ে ওঠে, তা এসব জিনিসের ওপর চাপ সৃষ্টি করে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাস্তবে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছেও। দেখা যায়, বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় ট্রান্সফরমার জ্বলে যাচ্ছে, আগুন লাগছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশোধনীটি বাতিল করা জরুরি। তা না হলে ছোটখাটো নানা দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। পরিবেশের সুরক্ষায় যেখানে কৃত্রিম ফুল তৈরিকারক প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র নিতে হয়, সেখানে পোশাক ও সোয়েটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনোভাবেই রেহাই পেতে পারে না।