পোশাকশ্রমিক নেতা মোশরেফা মিশুসহ ৬ জন গ্রেপ্তার
পোশাক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানার পুলিশ। আজ শুক্রবার বিকেলে জেলা সদরের চান্দনা চৌরাস্তায় পোশাকশ্রমিকদের সমাবেশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য পাঁচজন হলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারাইনে সুলতান বাহার (৪৫), পোশাকশ্রমিক মো. মনসুর (২৫), মো. বায়েজিদ হোসেন (১৮), ফরিদ আলী (৩২) ও জালাল উদ্দিন (২৭)। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।জয়দেবপুর থানা হাজতে আটক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, ৬০ হাজার শ্রমিককে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করাসহ অন্যান্য দাবিতে দেশের আরও কয়েকটি স্থানের মতো গাজীপুরে সমাবেশ হচ্ছিল। সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল। তবু পুলিশ বেআইনিভাবে গ্রেপ্তার করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে চান্দনা চৌরাস্তায় টাঙ্গাইল সড়কের মোড়ে ১৫০-২০০ শ্রমিকের এক সমাবেশ শুরু হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে সমাবেশ শেষের দিকে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। সমাবেশে ওই সময় মোশরেফা মিশু বক্তব্য রাখছিলেন। কিন্তু এ সময় পুলিশ সমাবেশ থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।জয়দেবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক দেলওয়ার হোসেন জানান, পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ, সরকার-বিরোধী বক্তব্য এবং পোশাক সেক্টরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।