পোশাকশ্রমিক নেত্রী মিশুকে জেলে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিক নেত্রী গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুকে জেলে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার খিলক্ষেত থানা পুলিশ তাঁকে ১০দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া আগামীকাল বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে জেলে পাঠানোর আদেশ দেন। এদিকে গত জুনে শেওরাপাড়া রাইট ফ্যাশন লিমিটেডের সামনে ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে কাফরুল থানায় দুটি মামলায় মিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায়ই তাঁকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত একটিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অন্যটির রিমান্ড আবেদন নাকচ করে দেন।এর আগে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হাতিরপুলের বাসা থেকে মিশুকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত সোমবার কুড়িল বিশ্বরোড এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গাজীপুরের পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে ছাড়া পান।