ঢাকার সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার নাসা বেসিক লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার আনসার ব্যারাকে হামলা চালিয়ে লুটপাটের পর বেশ কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়। এদিকে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।জানা যায়, সম্প্রতি নাসা গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক একটি শ্রমিক সংগঠনের সদস্য হন। বিষয়টি জানতে পেরে কারখানা কর্তৃপক্ষ গত বুধবার শ্রমিকদের ওই সংগঠন থেকে পদত্যাগের জন্য চাপ দেয়। এ ঘটনা নিয়ে ওই দিন কারখানার প্রায় চার হাজার শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিক বেতন-ভাতা বাড়ানো, শ্রমিক নির্যাতন বন্ধ এবং কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবি ও বুধবারের ঘটনা নিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চান। কর্তৃপক্ষ এতে রাজি না হলে শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ ও ভাঙচুর করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে আনসার ব্যারাকে গিয়ে হামলা চালিয়ে লুটপাট করেন এবং কর্মকর্তাদের মারধর করেন। এতে কারখানার নির্বাহী পরিচালক ফজলুল হক, উৎপাদন ব্যবস্থাপক জিয়াউল হক, মহাব্যবস্থাপক সমিত বড়ুয়া, হিসাবরক্ষক দীপক মণ্ডল, নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম, খলিলুর রহমান ও সিদ্দিকুর রহমানসহ ১০ জন কর্মকর্তা আহত হন। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিক অসন্তোষের খবর পেয়ে আশুলিয়া থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে কারখানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। শ্রমিকেরা পুলিশের তাড়া খেয়ে কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ সেখানে গিয়ে দ্বিতীয় দফা লাঠিপেটা করলে শ্রমিকদের আবারও সংঘর্ষ হয়। শ্রমিকদের ইটপাটকেলের জবাবে পুলিশ জলকামান ব্যবহার করে। পুলিশের লাঠিপেটা ও গরম পানিতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।শ্রমিকেরা বলেন, ‘বেতন বাড়ানো ও কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু কর্মকর্তারা পুলিশ ডেকে শ্রমিকদের ওপর হামলা চালালে শ্রমিকেরা পাল্টা জবাব দেন।’ নাসা গ্রুপের পরিচালক কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের মুখে নাসা গ্রুপের সব কটি কারখানা গতকাল ছুটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি ফয়সালা করা হবে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকেরা গতকাল কাজ বন্ধ করে কারখানায় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।কারখানা বন্ধ: এদিকে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেড নামে একটি পোশাক কারখানা গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।পুলিশ জানায়, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গত সোমবার শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। দুই দিন কাজ বন্ধের পর শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে এসে মূল ফটকের সামনে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।গতকাল এক বিজ্ঞপ্তিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকেরা বেআইনি দাবি-দাওয়া এবং বেআইনি কর্মকাণ্ড বন্ধ না করায় এবং কর্মকর্তাদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কারখানাটি গতকাল থেকে ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’ অনুযায়ী অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আশুলিয়ার দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। একটি কারখানা গতকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। গ্যাস সংকটের কারণে: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকায় অব্যাহত গ্যাস সংকটের কারণে অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং লিমিডেট নামের একটি পোশাক কারখানায় গতকাল ‘লে-অফ’ (কাজ থেকে শ্রমিকদের সাময়িক অব্যাহতি) ঘোষণা করা হয়েছে। কারখানার কর্মকর্তারা জানান, দীর্ঘ দুই মাস ধরে কারখানায় গ্যাসের চাপ খুবই কম। জেনারেটর দিয়ে কারখানা চালাতে হয়, যা খুবই ব্যয়বহুল। গ্যাসের সমস্যা নিয়ে গাজীপুরের গ্যাস সরবরাহ কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও তারা সমস্যার সমাধান করতে পারেনি। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে কারখানা খুলে দেওয়া হবে। কারখানা খোলার পর শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের লে-অফজনিত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।