পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৫০, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবারও বিক্ষোভ করেছেন। বিক্ষোভকালে নারায়ণগঞ্জের ফতুল্লা, ঢাকার সাভার ও গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক, নারীশ্রমিকসহ অন্তত ১৫০ জন আহত হন।এসব এলাকার বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা এবং তা চলতি মাস থেকেই কার্যকরের দাবিতে এসব বিক্ষোভ হয়।আমাদের নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধির পাঠানো খবর:নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার পলমল, মাইক্রোফাইবার, লিবার্টি ও মিডল্যান্ড নামের পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার ছাদ থেকে রাস্তায় অবস্থানরত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েক হাজার পোশাকশ্রমিক কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ২০টি শেল নিক্ষেপ করে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে পুলিশ পিছু হটে। বেলা ১১টার দিকে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ কয়েক দফা চেষ্টা করেও তাঁদের ছত্রভঙ্গ করতে পারেনি। শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে ফতুল্লা ডাকঘর ও কুতুবাইলে দুটি পোশাক কারখানা এবং অন্তত ৫০টি দোকান ও বাড়িতে ভাঙচুর করেন। দুপুর একটার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের ৩০টি শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যানবাহন চলাচল আবার শুরু হয়।দুপুর ১২টার দিকে ফতুল্লা ডাকঘর এলাকার হামিদ ফ্যাশন নামের কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল, কুতুবাইল, রামারবাগ, ফতুল্লা ডাকঘর ও শিবু মার্কেট এলাকা বেশ কিছু সময় ছিল পোশাকশ্রমিকদের দখলে।এসব সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) রিয়াজুল কবির, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম, কনস্টেবল হারুন, হেলাল, শহীদুল ইসলামসহ পুলিশের ২০ জন সদস্য আহত হন। আহত হন এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুস সালাম ও বিটিভির প্রতিনিধি মাহফুজুর রহমান। সংঘর্ষে শ্রমিক রেহানা, জরিনা, রাজা মিয়া, কালাম মিয়া, আসমা, সাকিলা, জোবেদা, রেহানা বেগমসহ অন্তত ৮০ জন শ্রমিক আহত হন।ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তাঁরা গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি মন্টু ঘোষের মুক্তির দাবি জানান।এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, ক্যাডটেক্স ও মেট্রো নিটিং গার্মেন্টসে গতকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ফতুল্লার র‌্যাডিক্যাল ডিজাইন, পলমল, রূপসী নিটেক্স, টাইম সোয়েটার্স, রহমান নিটিং, টেক্স এশিয়া, ইউরো টেক্স, প্যাট্রিয়ট ফ্যাশন ও ওসমান নামের নয়টি কারখানা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছে। জেলা প্রশাসন ও পুলিশ সূত্র এ আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ৫০টি শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের ২০ জন সদস্য আহত হন।মানিকগঞ্জ: ঢাকার সাভার এবং আশুলিয়ার জিরাব, বাইপাইল ও উলাইন এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এসব এলাকার অর্ধশত কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেক কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার জামগড়ার শেড ফ্যাশন ছাড়া আশুলিয়া ও সাভারের সব কারখানা খুলে দেওয়া হয়। স্টাইলিন গ্রুপের শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। জিরাব এলাকার আইরিশ ফ্যাশনের শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও রোববারের ঘটনার জের ধরে কয়েকজন কর্মকর্তাকে তাঁরা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করে পৌনে নয়টার দিকে বেরিয়ে যান। তাঁরা পাশের অর্নিমা স্পোর্টস নামের কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের বেরিয়ে আসার আহ্বান জানান। এ সময় কারখানার কয়েক ব্যক্তি শ্রমিকদের বাধা দিলে তাঁরা মূল ফটকের সামনে আগুন ধরিয়ে দেন। এরপর অর্নিমা স্পোর্টসসহ আশপাশের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকেরা একযোগে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ জলকামানও ব্যবহার করে। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলে সকাল সাড়ে ১০টার পর থেকে সড়কে যান চলাচল আবার শুরু হয়। এদিকে সকাল সাড়ে আটটার দিকে বাইপাইলের বার্ডস গ্রুপ ও ফাহমি নামের দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে ফাহমিসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর কারখানাগুলোর শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাভারের উলাইন এলাকার এইচআর এবং দোয়েল গ্রুপের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া গতকাল সাভার ও আশুলিয়ার পরিস্থিতি শান্ত ছিল। ৯৮ শতাংশ কারখানায়ই কাজ হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর): দুপুরের দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকার আইমন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি, ডিভাইন টেক্সটাইল, আরএস নিট কম্পোজিট ও মুতমাইন সোয়েটার কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। তাঁরা কারখানাগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানাগুলোতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করে। পুলিশ বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বিকেলে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।