পোশাকশ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো: পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পোশাক কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ ‘ক্রীতদাসের’ মতো বলে নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সাভারে ভবনধসে নিহত পোশাকশ্রমিকদের কর্মপরিবেশের কথা জেনে গতকাল বুধবার এক সমাবেশে পোপ এ মন্তব্য করেন। ভ্যাটিকান রেডিওর বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের ভবনটি পুরোপুরি ধসে যায়। ভবনটিতে কয়েকটি পোশাক কারখানা ছিল। এ ঘটনায় চার শতাধিক শ্রমিক নিহত হন।পোপ বলেছেন, কিছু শ্রমিকের মাসে মাত্র ৩৮ ইউরো (৫০ ডলার) মজুরি দেওয়ার খবরে খুবই মর্মাহত হয়েছেন তিনি।তিনি বলেন, ‘স্রষ্টা আমাদের সৃষ্টির ও কাজের সক্ষমতা এবং মর্যাদা দিয়েছেন। এই সুন্দর গুণাবলির বিরুদ্ধে আজ বিশ্বে এই দাসপ্রথা পরিচালিত হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভালো চাকরি না দিয়ে, কেবল লাভ-লোকসান দেখা হচ্ছে, শুধু মুনাফা তুলে নেওয়া হচ্ছে। এটা স্রষ্টাবিরুদ্ধ কাজ।’