পোশাকশ্রমিকদের আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক কারখানার হাজারো শ্রমিক আজ সোমবার আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা অগ্নিকাণ্ডে এত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার সব কারখানা সকালেই ছুটি দিয়ে দেওয়া হয়। এসব কারখানার হাজার হাজার শ্রমিক পরে রাস্তায় নেমে আসেন। তাঁরা খণ্ড খণ্ড মিছিল করেন। তাজরীন ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় মিছিল থেকে। একই সঙ্গে এখানকার পোশাক কারখানাগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলারও দাবি জানান তাঁরা। ফলে সকাল ১০টা থেকে নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় বিপুলসংখ্যক শিল্প পুলিশ, পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সরে গেলে নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাপুর-বাইপাইল সড়কে যান চলাচল শুরু হয়।গত শনিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।