পোশাকশ্রমিকদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ (ভিডিও)
সাভারে মহাসড়ক অবরোধকারী পোশাক কারখানার শ্রমিকদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।শ্রমিকেরা জানান, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ, নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা তৈরি ও ক্ষতিপূরণের আওতায় আনা, ভবনমালিকের ফাঁসিসহ বিভিন্ন দাবিতে বেলা পৌনে ১১টা থেকে রানা প্লাজার ওই স্থানের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ অবরোধ করেন তাঁরা। অবরোধে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, তাঁদের দাবি পূরণের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো মন্ত্রীকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। তা না হলে অবরোধ অব্যাহত থাকবে।এর আগে আজ সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা একই দাবিতে রানা প্লাজার ওই স্থানের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন। মিছিল শেষে বেলা পৌনে ১১টার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের একাংশে বসে পড়েন। বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের দুই পাশ অবরোধ করেন শ্রমিকেরা।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন প্রথম আলো ডটকমকে বেলা সাড়ে ১১টার দিকে বলেন, শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে মিছিল শেষে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু শ্রমিকদের মারমুখো আচরণ ও সহিংসতা এড়াতে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর ১২টা ৪০ মিনিটে পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্রমিকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে শ্রমিকদের থেমে থেমে সংঘর্ষ চলে। সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। ক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধের কারণে মহাসড়কে প্রায় ৫০টি যানবাহন ভাঙচুর করেন। বেলা একটার দিকে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে।মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলার ঘটনার সত্যতা অস্বীকার করেছেন সাভার মডেল থানার এসআই শেখ ফরিদ উদ্দিন। তিনি দাবি করেন, ‘আমরা কোনো ছাত্রলীগ-যুবলীগ চিনি না। শ্রমিকেরা নিজেরাই সংঘর্ষ করছেন। আমরা তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’