পোশাকশ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত নতুন বেতনকাঠামো মেনে নিয়ে পোশাকশ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাতে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করতে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। মদদদাতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে বিজিএমইএর আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পের উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ও নেবে। পাশাপাশি শ্রমিকদের সমস্যা সমাধানেও সরকার বেশ আন্তরিক। শ্রমিকেরা যেখানে ১৬০০ টাকা সর্বনিম্ন বেতন পেত, এখন তা তিন হাজার টাকায় উন্নীত করা হয়েছে। তবে আমরা লক্ষ্য করছি, কিছু কিছু মানুষ পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসাকনি দিচ্ছে।’ঢাকায় গতকাল ভাঙচুরের কথা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকেরা বেশকিছু দোকানপাট ভেঙেছে। তৈরি পোশাককারখানা পুড়িয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, এতে কে লাভবান হয়েছে? শ্রমিক, মালিক না অন্য কেউ? বরং মালিক ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে মেনে নেওয়া হবে না।পোশাকশিল্পের মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মালিকদের লক্ষ রাখতে হবে, শ্রমিকেরা যেন ভালোভাবে চলতে পারেন, পেট ভরে খেতে পারেন। তবেই উৎপাদন ও মান বৃদ্ধি পাবে।শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা কারও উসকানিতে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই শিল্প আপনাদের খাদ্য জোগাচ্ছে, পরিবার-পরিজন নিয়ে বাঁচার সুযোগ করে দিচ্ছে। সেই শিল্প ধ্বংস করে আপনারা কখনো লাভবান হবেন না। আপনাদের অনেক দাবি থাকতে পারে। সেই দাবির যৌক্তিকতা আমরা অস্বীকার করি না। একসঙ্গে কত টাকা বেতন বৃদ্ধি করা যায়। সেটাও শ্রমিকদের ভেবে দেখতে হবে। এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এসব কিছু বিবেচনায় রাখতে হবে। এমন কিছু করা উচিত না, যাতে শিল্প কলকারখানাগুলি বন্ধ হয়ে যায়। গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেলে তিন হাজার টাকা কেন এক টাকাও বেতন-ভাতা পাওয়া যাবে না। তাই নতুন বেতনকাঠামো মেনে নিয়ে কারখানায় কাজে মনোনিবেশ করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কথা দিচ্ছি, পর্যায়ক্রমে শ্রমিকদের সব দাবি পূরণের চেষ্টা করব। কিন্তু ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি যেন আর না হয়।’প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, একটি ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন, জনসভাসহ মোট ছয়টি কর্মসূচিতে যোগ দিতে গোপালগঞ্জে আসার কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফরসূচি স্থগিত করা হয়েছে।