পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ
পোশাকশ্রমিকেরা আজ শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লার শিবু মার্কেট এলাকা এক ঘণ্টা অবরোধ করে রাখেন। ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি, ১ আগস্ট থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, এসব দাবিতে ফতুল্লার কাঠেরপুল, সস্তাপুর, শিবু মার্কেট, কুতুবপুর পোস্ট অফিস রোড এলাকার বিভিন্ন পোশাক কারখানার ১০ থেকে ১২ হাজার শ্রমিক আজ বেলা ১১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান দাবির বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। মন্টু ঘোষের পরিবারের পক্ষে থেকে দাবি করা হয়েছে, গতকাল শুক্রবার রাত পৌনে তিনটার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহরের পালপাড়া এলাকার বাসা থেকে মন্টু ঘোষকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ আজ জানায়, ঢাকায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।