ক্রেতাদের কাছে ১৯ কংগ্রেসম্যানের চিঠি: দুটি প্রতিষ্ঠান থেকে পোশাক না কেনার পরামর্শ
পোশাকশ্রমিকদের ধরপাকড়ে উদ্বেগ
মার্কিন কংগ্রেসের ১৯ জন সদস্য বাংলাদেশে পোশাক খাতে শ্রমিক অধিকারের আন্দোলনকে সরকারিভাবে দমন-পীড়নে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দেশের শীর্ষস্থানীয় দুটি রপ্তানিকারক গ্রুপের শ্রমিক অধিকারবিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক ক্রেতাদেরকে এদের কাছ কোনো ধরনের পণ্য না কেনারও পরামর্শ দিয়েছেন।কংগ্রেস সদস্যরা বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি সংস্থা (এনজিও) বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারকে মুক্তি দিতে এবং তাঁদের প্রতিষ্ঠানের নিবন্ধন ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগের পরামর্শ দিয়েছেন। তাঁরা এ দেশে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমঝোতার ভিত্তিতে সমাধা করতে সরকার ও পোশাকশিল্পগুলোকে জোর চাপের মুখে রাখারও পরামর্শ দেন।এদিকে যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাসামগ্রীর আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) ১ সেপ্টেম্বর আরেক চিঠিতে প্রায় একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের কাছে এএএফএ চিঠি পাঠায় ১ সেপ্টেম্বর, আর মার্কিন কংগ্রেসের সদস্যরা চিঠি পাঠান ৩০ আগস্ট। ধারণা করা যায়, কংগ্রেসম্যানদের চিঠি পাওয়ার পরই আমেরিকার বড় বড় সব ক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এই চিঠি পাঠানো হয়।এএএফএর সভাপতি ও প্রধান নির্বাহী কেভিন এম ব্রুকে চিঠিতে আশা প্রকাশ করে বলেছেন, তাঁরা সেসব প্রতিষ্ঠানের কাছ থেকেই পণ্য কিনতে চান, যেসব প্রতিষ্ঠানে শ্রমিকের মানবিক পরিবেশ, আইনগত শাসন ও অধিকার নিশ্চিত করে পণ্য তৈরি হয়। অ্যাসোসিয়েশন বাংলাদেশে পোশাকশ্রমিকের মজুরি বৃদ্ধি, শ্রমিক সংগঠন করার সুযোগ ও শ্রম অধিকার প্রতিষ্ঠার প্রতিবাদকে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সরকারকে অনুরোধ করেছে।এএএফএ বলেছে, যেভাবে বিসিডব্লিউএসের নিবন্ধন বাতিল করা হয়েছে, সম্পদ জব্দ করা হয়েছে, তা স্বচ্ছতা বজায় রেখে হয়নি। এই এনজিওর কর্মকর্তাদের গ্রেপ্তার ও অন্যদের হয়রানির বিষয়টিও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে হয়নি। সংগঠনটি পরিপূর্ণ তদন্ত করে জনগণের কাছে তা জানানোর এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ করেছে।যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান এএএফএ। এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে আমেরিকায় আমদানি করা পণ্যের প্রায় ৭৩ শতাংশ কিনে থাকে।উল্লেখ্য, বছরে এক হাজার ২৫০ কোটি ডলারের পোশাক রপ্তানির প্রায় ৩০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে।কংগ্রেস সদস্যরা চিঠি দেন বিশ্বখ্যাত ওয়াল-মার্ট, জেসিপেনি, এইচ অ্যান্ড এম সিয়ার্স/কে মার্ট, ভিএফ করপোরেশন ও সিনতাস করপোরেশনের প্রধান নির্বাহীদের কাছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী বাংলাদেশের পোশাক রপ্তানির সিংহভাগই এসব ক্রেতা প্রতিষ্ঠান কিনে থাকে।কংগ্রেস সদস্যদের চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানতে ঢাকায় মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র ই-মেইলে জানান, সাম্প্রতিক সময়ে শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র মনে করে, ন্যায্য মজুরি নির্ধারিত হলে তা স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা তৈরি করে, যার সুবিধা ভোগ করে দেশের সব নাগরিক। একই সঙ্গে শ্রমিকদের অবস্থার উন্নয়নে আইনগত সব পদক্ষেপ যুক্তরাষ্ট্র সরকার সমর্থন করে।কংগ্রেস সদস্যরা তাঁদের চিঠিতে এসব ক্রেতাকে নাসা গ্রুপ ও এনভয় গ্রুপের কাছে ইতিমধ্যে দেওয়া রপ্তানির কাজ স্থগিত করা এবং ভবিষ্যতেও এদের কাছ থেকে আর কোনো পণ্য না কিনতে পরামর্শ দিয়েছেন।এ প্রসঙ্গে কংগ্রেস সদস্যরা বলেছেন, গত ১৩ আগস্ট বিসিডব্লিউএসের নেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারকে গ্রেপ্তারের পর তাঁদের আটকাদেশ দেওয়া হয়েছে। পোশাকশিল্পের প্রতিষ্ঠান দুটি—নাসা গ্রুপ ও এনভয় গ্রুপের মিথ্যা ফৌজদারি অভিযোগের কারণে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। কংগ্রেস সদস্যরা বলেছেন, এই নেতাদের পরিবারের সদস্য এবং এনজিওর কর্মকর্তা-কর্মচারীদেরও হয়রানি করা হচ্ছে।তবে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে তাঁদের প্রতিষ্ঠান কোনো অভিযোগ করেনি বলে দাবি করেছেন।আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘আমি কংগ্রেস সদস্যদের চিঠির বিষয়ে বার্তা পেয়েছি। জবাবে তাঁদের জানিয়েছি, এনভয় গ্রুপ থেকে কোনো অভিযোগ থানায় করা হয়নি।’ তিনি আরও বলেন, এখন বিজিএমইএর সভাপতি হওয়ার কারণে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানকে সমিতির কোনো কার্যক্রমের সঙ্গে একীভূত করে দেখা ঠিক হবে না।নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি টেলিফোনে এ প্রতিবেদককে বলেন, ‘আমরা বাবুল আক্তারসহ আরও একজনের বিরুদ্ধে প্রথম সাভার-আশুলিয়া থানায় অভিযোগ করেছিলাম ঠিকই, কিন্তু পরে যখন আমরা জানতে পারি, বাবুল আক্তার বিসিডব্লিউএসের সদস্য, তখন এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে প্রত্যাহার করেছি।’ তিনি বলেন, যেহেতু বিসিডব্লিউএস শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে, তাই এদের কারোর বিরুদ্ধে তাঁরা অভিযোগ করতে চান না। মার্কিন কংগ্রেসের এই ১৯ সদস্যের মধ্যে রয়েছেন ফিল হেয়ার, জ্যানিস শ্যাকোভস্কি, জর্জ মিলার, মাইকেল এইচ মিশড, জেমস পি ম্যাকগভার্ন, জন কনিয়ার্স জুনিয়র, পল ডি টঙ্কো, অ্যালসি এল হেস্টিংস, এলাইজা ই কামিংস, লিন্ডা টি সানচেজ, বেটি সাটন, স্টিফেন এফ লিঞ্চ, ড্যানি কে ডেভিস, শেলি পিংগ্রি, গোয়েন মুর, বব ফিলনার, জেসি এল জ্যাকসন, রাউল গ্রিজালিয়া জুনিয়র ও ক্যারোলিন নি ম্যালোনি।বিশ্বস্ত সূত্রে পাওয়া চিঠিতে দেখা যায়, কংগ্রেস সদস্যরা বলেছেন, ২০১০ সালের জুন মাস থেকে বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। ৩০ জুলাই নতুন মজুরিকাঠামো ঘোষণার পর এই অসন্তোষ ছড়িয়ে পড়ে। বাংলাদেশ সরকার এ পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলার চেষ্টা চালায়। শ্রমিকনেতাদের ‘উসকানিদাতা’ এবং ‘ষড়যন্ত্রকারী’ আখ্যায়িত করে। এর সঙ্গে বহুসংখ্যক শ্রমিককে গ্রেপ্তার করা হয়, যাঁরা এসব প্রতিবাদে অংশ নিয়েছিলেন।কংগ্রেস সদস্যরা ক্রেতাদের কাছে বিশেষত সুনির্দিষ্ট ঘটনার বর্ণনা করে সে বিষয়ে তাঁদের পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন। এ পর্যায়ে তাঁরা কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে বলেছেন, এদের প্রতিষ্ঠান বিসিডব্লিউএস একটি সুনামধন্য ও শীর্ষ এনজিও, যে প্রতিষ্ঠানটি ঢাকাভিত্তিক শ্রমিক অধিকার নিয়ে কাজ করছে।কংগ্রেস সদস্যরা নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন, আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন বলেছে, কমপক্ষে একজন বিসিডব্লিউএস কর্মচারীকে নির্যাতন করে তাঁর কাছ থেকে নিজের এবং এনজিওটির অন্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি ও প্রমাণাদি নেওয়া হয়েছে। কংগ্রেস সদস্যরা বিসিডব্লিউএসের নেতা, তাঁদের পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেতাদের ব্যবস্থা নিতে বলেছেন।কংগ্রেস সদস্যরা চিঠিতে ক্রেতাদের অনুরোধ করেছেন, বাংলাদেশে তাঁদের সরবরাহকারীদের কাছে শ্রমিক অধিকার প্রশ্নটি যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা জনসমক্ষে নিশ্চিত করতে হবে। নাসা গ্রুপ ও এনভয় গ্রুপকে দেওয়া বর্তমান সব আমদানি কাজ স্থগিত করতে হবে এবং ভবিষ্যতেও এদের কাছ থেকে কোনো পণ্য কেনা যাবে না, যতক্ষণ না বিসিডব্লিউএসের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয় এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করতে হবে। আটক শ্রমিকনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিসিডব্লিউএস নেতাদের মুক্ত করে তাঁদের এনজিওর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।সামগ্রিক বিষয়ে যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, মার্কিন কংগ্রেস সদস্যদের এমন চিঠির বিষয়টি তিনি ইতিমধ্যেই শুনেছেন এবং এ ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা শ্রমবান্ধব সরকার। এই সরকারের আমলে মাত্র কয়েক দিন আগে পোশাকশ্রমিকদের মজুরি গড়ে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে মানবাধিকার বা শ্রমিক অধিকারের বিষয়টি সরকার যে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।যোগাযোগ করা হলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রাতে টেলিফোনে বলেন, মার্কিন কংগ্রেস সদস্য ও যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশনের (এএএফএ) এজাতীয় কোনো চিঠি তিনি পাননি। চিঠি পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।তবে কল্পনা আক্তার ও বাবুল আক্তার এবং তাঁদের সংগঠন বিসিডব্লিউএসের কর্মকাণ্ড বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, এই এনজিওটির নিবন্ধন নেওয়া হয়েছিল নারীশ্রমিক-কর্মীদের স্বাস্থ্য ও তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা বিষয়ে কাজ করার জন্য। তাদেরকে শ্রম অধিকার নিয়ে কাজ করতে অর্থাৎ কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয়নি। কিন্তু তারা অনধিকারভাবে শ্রমিকদের উসকে দিয়ে মাঠে নামিয়েছে, ভাঙচুর করিয়েছে। সরকারের কাছে এর কিছু ভিডিও ফুটেজও রয়েছে।মন্ত্রী আরও জানান, মার্কিন কংগ্রেস সদস্য ও এএএফএর কোনো প্রতিক্রিয়া এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।