পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামো ৩ মাসের মধ্যে: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো ঘোষণা করা হবে। মন্ত্রী আজ বুধবার সচিবালয়ে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আসন্ন রমজান মাসের আগেই এই নতুন বেতনকাঠামো ঘোষণা করা হবে।বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন এক হাজার ৬৬৪ টাকা নিতান্তই অল্প বলে স্বীকার করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, ন্যূনতম বেতন কম হলেও, দাবি-দাওয়া আদায়ের জন্য ভাঙচুর ও অরাজক পরিবেশ সৃষ্টি কোনোমতেই গ্রহণযোগ্য নয়।তৈরি পোশাকশ্রমিকদের সব দাবি-দাওয়া বাস্তবায়নে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রী জানান। শ্রমিকেরা যেন গ্র্যাচুইটি পান, তা তৈরি পোশাক শিল্পমালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে সরকার নিশ্চিত করবে বলে মোশাররফ হোসেন জানান।বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিরুদ্দিন এই মুহূর্তে তৈরি পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে ভাঙচুর না করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, শ্রমসচিব নূরুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার।