পোশাকশ্রমিকদের নতুন মজুরি নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বনিম্ন তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সাত ধাপের (গ্রেড) খসড়া মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে নতুন এই কাঠামো অনুসারে শ্রমিকদের মজুরি দেওয়া হবে।শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মজুরিকাঠামো ঘোষণা করেন।মজুরিকাঠামোর মধ্যে পৃথকভাবে পোশাক কারখানার কর্মচারীদের জন্য চার ধাপের মজুরিকাঠামোও রয়েছে।গত মঙ্গলবার চার ঘণ্টা বৈঠক করে মজুরি বোর্ড এই খসড়া মজুরিকাঠামো তৈরি করে। তবে পোশাক কারখানার মালিকপক্ষের প্রতিনিধি মঙ্গলবার এতে সই করেননি। মালিকপক্ষের তৎপরতায় মঙ্গলবার শেষ মুহূর্তে শ্রমমন্ত্রী তা গেজেট হিসেবে প্রকাশ করতে দেননি। তিনি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার (গতকাল) বিকেল পাঁচটায় তিনিই এই মজুরিকাঠামোর ঘোষণা দেবেন।অবশ্য গতকাল পোশাক খাতের মালিক প্রতিনিধি শফিউল ইসলাম মহিউদ্দিন খসড়া মজুরিকাঠামোতে সই করেন।ঘোষিত খসড়া অনুসারে পোশাকশ্রমিকদের সপ্তম ধাপ বা গ্রেডের একজন সহকারী বা হেলপার পদের শ্রমিকের মাসিক ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে তিন হাজার টাকা। এই মোট মজুরির মধ্যে মূল বেতন দুই হাজার টাকা ও বাসাভাড়া ৮০০ টাকা রয়েছে। এর ফলে সপ্তম গ্রেডে একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি বর্তমানের এক হাজার ৬৬২.৫০ টাকা থেকে ৮০ দশমিক ৪৫ শতাংশ বাড়ছে।আর সব পদের শ্রমিকের জন্য চিকিৎসা-ভাতা নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।ষষ্ঠ ধাপ বা কোয়ালিটি ইন্সপেক্টর, মেশিন অপারেটর পদে ন্যূনতম মোট মজুরি নির্ধারণ করা হয়েছে তিন হাজার ২১০ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ১৫০ টাকা ও বাড়িভাড়া ৮৬০ টাকা রয়েছে। পঞ্চম ধাপ বা জুনিয়র মেশিন অপারেটর পদে ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে তিন হাজার ৪৫৫ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৩২৫ টাকা ও বাড়িভাড়া ৯৩০ টাকা রয়েছে।চতুর্থ ধাপ বা মেশিন অপারেটরসহ সংশ্লিষ্ট পদে ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে তিন হাজার ৭৬৩ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৫৪৫ টাকা ও বাড়িভাড়া এক হাজার ১৮ টাকা রয়েছে।তৃতীয় ধাপ বা সিনিয়র মেশিন অপারেটর পদে ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে চার হাজার ১২০ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৮০০ টাকা ও বাড়িভাড়া এক হাজার ১২০ টাকা রয়েছে।দ্বিতীয় ধাপ বা কাটিং মাস্টার, মেকানিক, ইলেকট্রিশিয়ান প্রভৃতি পদে ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে সাত হাজার ২০০ টাকা। এর মধ্যে মূল মজুরি পাঁচ হাজার টাকা ও বাড়িভাড়া দুই হাজার টাকা রয়েছে। আর প্রথম ধাপ বা প্যাটার্ন মাস্টার, চিফ কোয়ালিটি কন্ট্রোলার প্রভৃতি পদে শ্রমিকের ন্যূনতম মোট মজুরি ধরা হয়েছে নয় হাজার ৩০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ছয় হাজার ৫০০ টাকা ও বাড়িভাড়া দুই হাজার ৬০০ টাকা রয়েছে।এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকের মজুরি সাকল্যে দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ পদে বর্তমানে মজুরি রয়েছে সাকল্যে এক হাজার ২০০ টাকা। অর্থাৎ মজুরি বৃদ্ধির হার ১০৮ দশমিক ৩৩ শতাংশ। শিক্ষানবিশের সময়কাল তিন মাস। তবে কোনো শ্রমিকের ক্ষেত্রে কাজের মান নির্ণয় করা সম্ভব না হলে আরও তিন মাস তাকে শিক্ষানবিশ রাখা যাবে।সব ধাপেই শ্রমিকের জন্য মূল মজুরি ও বাড়িভাড়ার বাইরে চিকিৎসা-ভাতা ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে বিভিন্ন কারখানায় যাতায়াত, হাজিরা বোনাসসহ আরও যেসব সুবিধা এখন আছে, তা অব্যাহত থাকবে।নিয়ম অনুসারে ঘোষিত এই খসড়া মজুরিকাঠামো ন্যূনতম মজুরি বোর্ড এখন গেজেটে প্রকাশ করবে। গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে এর ওপর মালিক, শ্রমিক বা অন্য কোনো পক্ষ এই মজুরিকাঠামোর ওপর তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারে। সংক্ষুব্ধতা বিবেচনা করে মজুরি বোর্ড তা চূড়ান্ত করবে। পরে তা সরকারের কাছে দেওয়া হবে চূড়ান্ত গেজেট প্রকাশ করার জন্য। সরকার ইচ্ছা করলে এই চূড়ান্ত মজুরিকাঠামো পুনর্নির্ধারণের জন্য আবার বোর্ডে পাঠাতে পারবে, না হলে তা গেজেটে প্রকাশিত হবে।কর্মচারী পদের চার ধাপের মধ্যে প্রথম বা স্টোরকিপার, হেভি ড্রাইভার পদে ন্যূনতম মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৫০০ টাকা। এর মধ্যে মূল মজুরি চার হাজার ৫০০ টাকা ও বাড়িভাড়া এক হাজার ৮০০ টাকা রয়েছে।দ্বিতীয় ধাপ বা হিসাব সহকারী, হালকা গাড়ির ড্রাইভার পদে ন্যূনতম মোট মজুরি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল মজুরি তিন হাজার ৫০০ টাকা ও বাড়িভাড়া এক হাজার ৪০০ টাকা রয়েছে।তৃতীয় ধাপ বা ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর পদে ন্যূনতম মোট মজুরি নির্ধারণ করা হয়েছে চার হাজার ৪০০ টাকা। এর মধ্যে মূল মজুরি তিন হাজার টাকা ও বাড়িভাড়া এক হাজার ২০০ টাকা রয়েছে।চতুর্থ ধাপ বা পিয়ন, দারোয়ান পদে ন্যূনতম মোট মজুরি নির্ধারণ করা হয়েছে তিন হাজার ২৮০ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ২০০ টাকা ও বাড়িভাড়া ধরা হয়েছে ৮৮০ টাকা।শ্রমিকের মতো কর্মচারীদেরও প্রত্যেক পদের জন্য ২০০ টাকা করে মাসিক চিকিৎসা-ভাতা নির্ধারণ করা হয়েছে।মজুরিকাঠামো ঘোষণার সময় এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, ‘ঈদের মধ্যে শ্রমিকেরা শুধু সুখবর পেল, নভেম্বর মাস থেকে নতুন মজুরি পাবে।’অপর এক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, অন্যান্য খাতের সঙ্গে সংগতি রেখেই মজুরিকাঠামো হয়েছে। এটা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনে পুনরায় মজুরি নির্ধারণ করা হবে। তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট না থাকলে এবং মালিকেরা উৎপাদন ঠিকমতো করতে পারলে হয়তো আরও বেশি মজুরি দেওয়া যেত।অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, তাঁদের কষ্ট হবে, তার পরও তাঁরা সব মালিককে অনুরোধ করবেন, তাঁরা যেন নতুন মজুরি নির্ধারিত সময় থেকে বাস্তবায়ন করেন।অন্যদিকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা ঠিক করা হয়েছে। ফলে কোনো মালিক না পারলে তাঁকে বলব, অন্য ব্যবসা করেন।’শ্রমিক নেতা ও কর্মজীবী নারীর প্রধান শিরিন আক্তার বলেন, অনেক আলোচনা করে এটা করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলো তাদের পৃথক মত ও মালিকদের সময় দেওয়ার বিষয়ে মতামত দেবেন ১৪ দিনের মধ্যে মজুরি বোর্ডের কাছে।শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বলেন, এই সরকার শ্রমজীবী মানুষের প্রতি যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার রক্ষার জন্যই সাড়ে তিন বছরের মাথায় নতুন মজুরিকাঠামো করা হয়েছে।উল্লেখ্য, মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ কোনোভাবেই সর্বনিম্ন ধাপে ন্যূনতম মোট মজুরি দুই হাজার ৫১৩ টাকার বেশি দিতে রাজি ছিল না। তবে অনানুষ্ঠানিক আলোচনায় মালিকপক্ষ এ পদে সর্বোচ্চ দুই হাজার ৮২৪ টাকা দিতে পারবে বলে জানিয়েছিল। এটা যদি বোর্ড মানে, তবে দায়িত্ব নিয়ে নেতারা মালিকদের রাজি করাবেন বলেও জানান।২৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকপক্ষ বিজিএমইএর নেতাদের ডেকে নিয়ে সপ্তম ধাপে ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করার নির্দেশনা দেন।