পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০০ টাকা
ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ধরে সাতটি গ্রেডে পোশাকশ্রমিকদের জন্য মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের জন্য নতুন এ মজুরিকাঠামো ঘোষণা করেন। এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।নতুন মজুরিকাঠামো অনুযায়ী গ্রেড-১-এর শ্রমিকেরা নয় হাজার ৩০০ টাকা, গ্রেড-২-এর শ্রমিকেরা সাত হাজার ২০০ টাকা, গ্রেড-৩-এর শ্রমিকেরা চার হাজার ১২০ টাকা, গ্রেড-৪-এর শ্রমিকেরা তিন হাজার ৭৬৩ টাকা, গ্রেড-৫-এর শ্রমিকেরা তিন হাজার ৪৫৫ টাকা, গ্রেড-৬-এর শ্রমিকেরা তিন হাজার ২১০ টাকা, গ্রেড-৭-এর শ্রমিকেরা তিন হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকেরা আড়াই হাজার টাকা করে মজুরি পাবেন।শ্রমিকদের এই সর্বনিম্ন মজুরি (গ্রেড-৭) তিন হাজার টাকার মধ্যে মূল বেতন দুই হাজার টাকা, বাসা ভাড়া ৮০০ টাকা এবং চিকিত্সা-ভাতা ২০০ টাকা। এর বাইরে বিভিন্ন কারখানায় যাতায়াত, হাজিরা বোনাসসহ আরও যেসব সুবিধা এখন আছে, তা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে বর্তমানে সপ্তম গ্রেডে একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা থেকে ৮০ শতাংশ বেড়ে মোট মজুরি তিন হাজার টাকায় দাঁড়াল।এদিকে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকার ৩০ সাংসদকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ ন্যূনতম মজুরিকাঠামো ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।