পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০০ টাকা হচ্ছে!
পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রাতে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিদের ডেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। এই মজুরির বাইরে যাতায়াত ও কাপড় ধোয়ার ভাতা এবং হাজিরা বোনাস পৃথকভাবে দেওয়ারও নির্দেশনা দেন তিনি। মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছেন বলে সূত্র জানায়।প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকের সময় শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ও ন্যূনতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি শফিউল ইসলাম মহিউদ্দীন, আতিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আজ সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকে খসড়া চূড়ান্ত প্রস্তাব গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।জানা গেছে, চূড়ান্ত খসড়া সরকারের কাছে দেওয়া হবে। অনুমোদন পেলে মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে তা ২৯ জুলাই ঘোষণা দেবে।সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মালিকপক্ষ অনানুষ্ঠানিক প্রস্তাবে বোর্ডকে জানিয়েছিল, তারা সর্বোচ্চ দুই হাজার ৮২৫ টাকা পর্যন্ত মজুরি দিতে পারবে। আর শ্রমিকপক্ষ তিন হাজার টাকার ওপরে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে তাতে সম্মতি দেবে বলে জানায়।তবে মালিকপক্ষ গতকাল রোববার দিনভর সরকারের সঙ্গে ও বিজিএমইএর তাদের জরুরি বিশেষ সাধারণ সভা করে সিদ্ধান্ত নিয়েছে, ন্যূনতম মজুরি কোনোভাবেই দুই হাজার ৫০০ টাকার বেশি নির্ধারণ করা যাবে না।আর মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বেগম শামসুন নাহার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সঙ্গে পরামর্শ করেছেন। নিম্নতম মজুরি কত নির্ধারণ করা হলে শ্রমিক সংগঠন ও সাধারণ শ্রমিকেরা কী ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করবেন, সে বিষয়ে তিনি খোঁজখবর করেন বলে জানা গেছে। শ্রমিকপক্ষ তিন হাজার টাকার নিচে ন্যূনতম মজুরি নির্ধারিত হলে তা প্রত্যাখ্যান করবে এবং এর পরিপ্রেক্ষিতে বড় ধরনের কোনো আন্দোলন, অসন্তোষ হলে তার দায় কেউ নেবে না বলে জানায়।সরকার গত ১৪ জানুয়ারি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে। দেশের বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ ইকতেদার আহমেদ এর প্রধান। অন্য সদস্যরা হলেন, বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক প্রতিনিধি বেগম শামসুন নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ। বোর্ড ইতিমধ্যে ১২টি সভা করেছে।এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে পোশাক খাতের বর্তমান মজুরি কাঠামো অত্যন্ত কম হওয়ায় একে অমানবিক বলেছেন। দেশের সব মহলই নিম্নমজুরির কারণে বিভিন্নভাবে পোশাকশিল্পের মালিকদের সমালোচনা করছে। আবার যেসব দেশে পোশাক রপ্তানি হয়, সেসব দেশ ও বড় ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পোশাক খাতের অত্যন্ত কম মজুরির ব্যাপারে সরকারের কাছে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও সরকারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ফলে সব মিলে শ্রমিকের মজুরির বিষয়টি এখন বাংলাদেশের পোশাক খাতের ভবিষ্যৎ রপ্তানির ওপর প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে।সূত্র জানায়, মালিকপক্ষ মজুরি বোর্ডের ওপর চাপ সৃষ্টি করতে গতকাল বিশেষ জরুরি সাধারণ সভা করে। সেখানে সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণে মালিকেরা সম্মতি দেন। এ সভায় ৯০০ জন মালিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে একটি সূত্র জানায়, মালিকপক্ষ দুই হাজার ৮২৫ টাকা পর্যন্ত রাজি থাকবে। অবশ্য সময় দিলে ছয় মাস পর আরও ৫০০ টাকা এবং আরও ছয় মাস পর আবার ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে সভায় সম্মতি দিয়েছেন মালিকেরা। তবে এ ক্ষেত্রে মালিকেরা শর্ত দিয়েছেন, পোশাক খাতের জন্য ব্যাংকঋণের সুদ একক অঙ্কে নামিয়ে আনতে হবে, গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে, চট্টগ্রাম বন্দরের গতিশীলতা নিশ্চিত করতে হবে এবং মজুরি বাড়ানোর পর পোশাক খাতের অসন্তোষ ও অস্থিরতা সরকারকে দায়িত্ব নিয়ে ঠেকাতে হবে।এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও গতকাল মূল আলোচনা ছিল পোশাক খাতের ন্যূনতম মজুরি। কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ন্যূনতম মজুরি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে রাখার সুপারিশ করা হয়। বৈঠকে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী মন্ত্রণালয়ে ফিরে আবার বৈঠক করেন বিজিএমইএর নেতাদের সঙ্গে। এ সভায়ও মালিকপক্ষ ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার বেশি দিতে রাজি হয়নি। বৈঠকে উপস্থিত ইসরাফিল আলম প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ গ্যাস-বিদ্যুৎ সমস্যার কথা উল্লেখ করে ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার মধ্যে রাখার দাবি জানায়।খন্দকার মোশাররফ হোসেন এ প্রতিবেদককে বলেন, মজুরি কমিশন আজ বৈঠক করে পোশাকশ্রমিকদের বেতন-কাঠামো চূড়ান্ত করবে। তিনি বলেন, ‘মালিকপক্ষ তাদের আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। আশা করি, তারা আরেকটু এগিয়ে আসবে।’প্রসঙ্গত, বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা। ২০০৬ সালে এ মজুরি নির্ধারিত হয়েছিল। বর্তমানে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি কমপক্ষে ছয় হাজার ২০০ টাকা নির্ধারণের দাবি করেছেন।সংসদীয় কমিটিকে পাঠানো মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গবেষণা অনুসারে বাংলাদেশে ধারাবাহিক শ্রমিক অসন্তোষের মূলে রয়েছে কম মজুরি। ফলে গোটা পোশাক খাতের ভবিষ্যৎই ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশে পোশাকশ্রমিকদের বেতন বিশ্বের যেকোনো দেশের চেয়ে কম বলে ওই প্রতিবেদনে জানানো হয়।