পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঝুট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল শনিবার জিয়াউল হক (২৪) নামের এক ঝুট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাঁচপুরের ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের শ্রমিকদের বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে।জিয়াউলের বাড়ি উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে। তাঁর বাবা সামছুুদ্দিন ওরফে সামসুর ভাষ্যমতে, তিনি ও তাঁর ছেলে ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের ঝুট কিনতেন। সামছুদ্দিনের অভিযোগ, শ্রমিকেরা নয়, আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় তাঁর ছেলে নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ওভারটাইম, বেতন ও বোনাস বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। দাবি আদায়ে শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কাজে যোগ দেওয়ার জন্য কারখানার প্রধান ফটকের সামনে একত্র হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় শ্রমিকেরা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলার সময় ওই কারখানার ঝুট ব্যবসায়ী জিয়াউল হক মিছিল বন্ধ করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিক নামধারী সন্ত্রাসীরা জিয়াউলকে লাঠি দিয়ে পেটায়। জিয়াউলকে গুরুতর আহতাবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউলের মৃত্যু হয়। এদিকে সকালে জিয়াউলের আহত হওয়ার খবর শুনে তাঁর বাবা সামছুদ্দিন কারখানার প্রধান ফটকের সামনে যান। তখন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর তাঁকে পিটিয়ে আহত করে পাশের পুকুরে ফেলে দেন।এ ব্যাপারে সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগের নেতা মোশারফ ওমরের লোকজন শ্রমিক সেজে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে এবং আমাকে আহত করেছে।’ এদিকে কারখানার শ্রমিক আহম্মদ আলী জানান, বহিরাগতদের হামলায় তাঁদের কারখানার শ্রমিক রাজা মিয়া, সজীব, রাজু, ইজ্জত মিয়া, সোহাগসহ ১০ জন আহত হয়েছেন।আওয়ামী লীগের নেতা মোশারফ ওমর দাবি করেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এ হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে জড়ানো হয়েছে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর ইসলাম এক বিবৃতিতে শ্রমিকদের ওপর মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।এদিকে ওপেক্স ও সিনহা টেক্সটাইল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাজিরা বোনাস’ বাড়ানোর দাবিতে গতকাল শ্রমিক-অসন্তোষ হয়। কিছুসংখ্যক শ্রমিক বহিরাগতদের নিয়ে সকাল সাড়ে সাতটার দিকে প্রধান ফটক বন্ধ করে দেয় এবং অন্যদের কাজে আসতে বাধা দেয়। বহিরাগতদের উপস্থিতির কারণে কারখানার অন্য শ্রমিকদের সঙ্গে গেটের বাইরে বহিরাগতদের সংঘর্ষ হয়। এতে একজন বহিরাগত আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ সবাইকে ছুটি দেয়। তবে বেলা দুইটা থেকে দ্বিতীয় শিফটের কাজ যথারীতি চলে।