পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।আজ বুধবার তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি এসব কথা বলেন। নিজস্ব কার্যালয়ে বিজিএমইএয়ের সঙ্গে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবি প্রসঙ্গে সফিউল ইসলাম বলেন, এটি সরকারের বিষয়। সরকার যদি মনে করে, শ্রমিকদের দাবি সংগত। তবে যথা সময়ে আলোচনা হতে পারে। তবে দুই দিন আগেও তাঁদের কোনো দাবি ছিল না। আশুলিয়ায় বিশৃঙ্খলার ঘটনার সুযোগে এখন তাঁরা বেতন বাড়ানোর দাবি করছেন।বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘শ্রমিক সংগঠনের নেতাদের বেতন বাড়ানোর দাবিকে আমরা অবাস্তব বলব না। সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো হতে হবে। তবে এখন বেতন বাড়ানোর প্রশ্নই ওঠে না। দেড় বছর আগেই আমরা বেতন-ভাতা দ্বিগুণ করে দিয়েছি।’ তিনি এই শিল্পকে টিকিয়ে রাখতে কোরবানির ঈদ পর্যন্ত কোনো ধরনের আন্দোলন না করতে পোশাকশ্রমিকদের প্রতি অনুরোধ জানান।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রকার ঋণের শ্রেণীকরণের মেয়াদ ছয় মাস কমিয়ে তিন মাস করেছে। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে পুনঃতফশিলিকরণের সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।এসব বিষয় উল্লেখ করে সেলিম ওসমান বলেন, ‘ব্যাংকিং খাতের এসব সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে শ্রমিকদের বেতন বাড়ানো দূরে থাক, উল্টো আমাদের কারখানাই বন্ধ করে দিতে হবে।’আগামী দুই ঈদে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি বলেন, সময়মতো শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্ত এবং বিদ্যুত্ ও গ্যাসের দাম বাড়ার কারণে বিষয়টি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।গত সোমবার মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম সাত হাজার টাকা বেতন করাসহ পাঁচ দফা দাবি জানায় পোশাকশ্রমিকদের সাতটি সংগঠনের জোট গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। দাবি আদায়ে পরিষদের নেতারা বিজিএমইএ ও বিকেএমইএকে স্মারকলিপি দেন।আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিজিএমইএ সহসভাপতি সিদ্দিকুর রহমান, ফারুক হাসান প্রমুখ। তিন সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি।