পোশাকশ্রমিকদের বেতন বোনাস ঈদের আগে দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে তৈরি পোশাকশ্রমিকদের শতভাগ বেতন-বোনাস ও অতিরিক্ত কাজের মজুরিসহ সব পাওনা দেওয়ার জন্য পোশাকশিল্প মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।গতকাল রোববার শ্রম মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের বেতন-বোনাসসংক্রান্ত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে শুরু হয়ে বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।বৈঠক শেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার চায় সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদ্যাপন করুক। এ জন্য শ্রমিকদের সব পাওনা ঈদের আগেই বুঝিয়ে দিতে হবে। যাঁরা সামর্থ্য থাকা সত্ত্বেও বেতন-বোনাস দেবেন না, তাঁদের বিরুদ্ধে মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ ব্যবস্থা নেবে। তারাও যদি ব্যর্থ হয় তাহলে সরকার সংশ্লিষ্ট পোশাকশিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।মন্ত্রী জানান, যেসব পোশাকশিল্প কারখানার মালিক আর্থিক অসচ্ছলতার কারণে এ নির্দেশ পালন করতে পারবেন না তাঁদের বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে বৈঠক করার পরামর্শ দেওয়া হয়েছে।খন্দকার মোশাররফ বলেন, একটি মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন সময় ঈদের আগে গাজীপুর, নারায়ণগঞ্জ, কাচপুরসহ বিভিন্ন জায়গায় বেতন-বোনাসের দাবিতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা গেছে। এবার যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, বেতন-বোনাস না পেয়ে পোশাকশ্রমিকেরা যদি রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দাবি-দাওয়া আদায়ের নামে শ্রমিকেরা যাতে রাস্তায় নেমে না আসেন সে জন্য ঈদের পর মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করা হবে।