তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ বলেছে, ঈদ উপলক্ষে পোশাক খাতে শ্রমিকদের বেতন ও বোনাস সুষ্ঠুভাবে পরিশোধ করা হচ্ছে। তাদের দাবি, অনেক পোশাক কারখানায় চলতি আগস্ট মাসের বেতনও পরিশোধ করা হয়েছে।তবে পোশাক খাত নিয়ে কাজ করে এমন একাধিক শ্রমিক সংগঠন দাবি করেছে, কিছু সমস্যা এখনো রয়েছে। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তবে তারা বলে, ছুটির আগের দিন অনেক কারখানায় বেতন-বোনাস দেওয়া হবে। তখন বোঝা যাবে শ্রমিকের পাওনা কতটা মিটিয়েছেন মালিকেরা।পোশাক খাতে শ্রমিকের মজুরি ও ঈদের বোনাস পরিশোধের বিষয়ে বিজিএমইএ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন তাতে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এরই মধ্যে অধিকাংশ মালিকই জুলাই মাসের বেতন ও ঈদ উপলক্ষে ভাতা পরিশোধ করেছেন। কেউ কেউ আগস্ট মাসের আংশিক বেতন অগ্রিম পরিশোধ করেছেন।’বিজিএমইএর সভাপতি জানান, প্রথম দিকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ৪০০ থেকে ৭০০ শিল্পে বেতন-বোনাস পরিশোধ নিয়ে সমস্যা হওয়ার কথা বলা হচ্ছিল। বিজিএমইএ সেগুলোতে তদারকি করছে। তারা ইতিমধ্যে ১৬টি কারখানায় বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করেছে। এর মধ্যে ১৪টির সমস্যা তারা আলোচনার মাধ্যমে সমাধা করেছে। দুটি কারখানায় আলোচনা করে সমাধা করার চেষ্টা চলছে।বিজিএমইএ এসব সমস্যা সমাধানে ঢাকার পোশাকশিল্প-অধ্যুষিত এলাকাগুলোকে নয়টি ভাগে ভাগ করে সংগঠনের পরিচালক, শিল্প মালিক ও কর্মকর্তাদের নিয়ে নয়টি আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করে। এ ছাড়া জরুরি পরিস্থিতির জন্য বিজিএমইএ ও বিকেএমইএর কার্যালয় এবং শ্রম অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। নয়টি আঞ্চলিক কমিটি ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে নিবিড় তত্ত্বাবধান করা হচ্ছে বলে জানান মহিউদ্দিন।মহিউদ্দিন বলেন, ‘আমি বিশেষভাবে সরকারের কাছে অনুরোধ করব, যেসব পোশাক কারখানা বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়, তাদের প্রতি বিশেষ নজর রাখার জন্য, যাতে সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।’মহিউদ্দিন বলেন, বোনাসের বিষয়টি একেক কারখানায় একেকভাবে প্রচলিত রয়েছে। কিন্তু বিজিএমইএ সব কারখানাকে মূল বেতনের অন্তত ৫০ ভাগ বোনাস দিতে পরামর্শ দিয়েছে। বিজিএমইএ জানায়, কারখানা ভেদে চাকরির বিধি অনুসারে কোনো শ্রমিকের ওই কারখানায় ছয় মাস কিংবা এক বছর কাজ না করলে বোনাস হয় না। এ নিয়ম অনুসারে তারা শ্রমিকের পাওনা দিচ্ছে। তিনি বলেন, ‘কোনো কারখানায় নানা ধরনের আর্থিক অনটন থাকতে পারে। মালিক হয়তো কিছু অংশ বন্ধও করে রাখতে পারেন। কিন্তু, বেতন-বোনাসের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, শ্রমিকদের আলোচনায় নিয়ে তাঁদের সম্মতিতেই সমাধা করতে হবে, যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি না হয়।’ তাঁর মত, গতকাল পর্যন্ত সার্বিক পরিস্থিতিতে তাঁরা সফলভাবে এই কাজ সম্পন্ন করতে পেরেছেন। যোগাযোগ করা হলে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু প্রথম আলোকে বলেন, গতবারের তুলনায় পরিস্থিতি ভালো, এটা বলা যায়। তিনি বলেন, ‘আমরা কয়েকটি কারখানায় বেতন-বোনাস নিয়ে আন্দোলন করে এর সমাধা করেছি।’ তবে এখনো অনেক সমস্যা আছে। উপরন্তু বোনাস দেওয়ার ক্ষেত্রে অনেক কারখানা মূল বেতনের ৫০ ভাগও দিচ্ছে না। কেউ কেউ এক হাজার ৬০০ টাকা মূল বেতনের কর্মীকে ৪০০-৫০০ টাকা দিচ্ছে। আবার অধিকাংশ কারখানায় আগস্ট মাসের বেতন দেওয়া হচ্ছে না বলে দাবি মোশরেফা মিশুর।সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এ প্রতিনিধিকে বলেন, এখনো অনেক কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়নি। তিনি বলেন, ঈদের বন্ধের আগের দিন অনেক কারখানায় বেতন-বোনাস দেওয়া হবে। তখন বোঝা যাবে, আসলে শ্রমিকের পাওনা কতটা মিটিয়েছেন মালিক।