পোশাকশ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার। মালিকেরাও এ ব্যাপারে সম্মত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাকশিল্পের মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, মালিকেরা ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে সম্মত হয়েছেন। বেতন ও উৎসব ভাতা না দিয়ে ঈদের আগে কোনো কারখানা যাতে বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়ে মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার জন্য বন্ধের দিনও ব্যাংক খোলা রাখার অনুরোধ করা হবে। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।ঈদের আগে রাজধানীতে যানজট এড়াতে নিয়ন্ত্রণকক্ষ খোলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পুলিশ, পরিবহন শ্রমিক, অগ্নিনির্বাপণ বাহিনী, তিতাস গ্যাস ও বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ বিষয়ে তদারক করবেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুশতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।