তিন মন্ত্রীর সঙ্গে মালিকদের বৈঠক
পোশাকশ্রমিকদের মহার্ঘ ভাতা দিতে মালিকদের প্রতি অনুরোধ
নতুন মজুরি বোর্ড বাস্তবায়নের আগ পর্যন্ত আলাপ-আলোচনা করে পোশাকশ্রমিকদের মহার্ঘ ভাতা দিতে মালিকদের অনুরোধ করলেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘শ্রমিকদের দিতে হবে, তাহলেই কম ক্ষতি হবে। শ্রমিকদের বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে।’ সম্প্রতি আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ ও কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে আজ বুধবার রাতে এক বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ট্রেড ইউনিয়ন থাকলে এটি নিয়ন্ত্রণ করা যেত।এদিকে কাল বৃহস্পতিবার সরকার ঘোষিত মজুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। তিনি আরও বলেছেন, মজুরি বোর্ড যা বলবে, বিজিএমইএ তা অক্ষরে অক্ষরে পালন করবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রমুখ। এতে আশুলিয়ার বেশ কয়েকজন পোশাক কারখানার মালিক সেখানকার উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর কাল বৃহস্পতিবার থেকে আশুলিয়ার সব মালিককে কারখানা খোলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এই শিল্প রক্ষায় যা যা করা দরকার, সরকার সব করবে। আইনশৃঙ্খলার প্রতিকূলের কোনো ঘটনা সহ্য করা হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যাঁরা কারখানাগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, তাঁদের তালিকা করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিছু তালিকা পাওয়া গেছে। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের তরফ থেকে এই বিশৃঙ্খলা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া শুরু করেছি।’ এ জন্য তিনি মালিকদের সহযোগিতা কামনা করেন। শাজাহান খানও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বলেন। তিনি বলেন, বিশৃঙ্খলার সঙ্গে সরকার কিংবা ১৪ দলের কেউ জড়িত থাকলেও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের রক্ত যেন না ঝরে সেই বিবেচনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, সরকার শ্রম আইনের একটি ধারা সংশোধনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। যাঁরা এনজিও করবেন, তাঁরা কোনভাবেই ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। শ্রমমন্ত্রী বলেন, ‘দেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট আরও বাড়াতে দেশি-বিদেশি চক্র পোশাকশিল্পের পেছনে লেগেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশুলিয়া যাব। সবার সঙ্গে বৈঠক করে সমস্যা চিহ্নিত করব।’শ্রমমন্ত্রী মালিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনাদের সমন্বয়হীনতার জন্য অনেক সমস্যা হচ্ছে। মজুরি বোর্ড ঘোষণার আগেই যদি আপনারা দাবি দাওয়া মেনে নেন, তবে বোর্ডের তো আর কার্যকারিতা থাকবে না।’ রানা প্লাজা ধসের পর চলতি মাসের শুরু থেকেই আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে। সর্বশেষ আজ আশুলিয়ার নরসিংহপুরের চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।