পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা পরশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা আবার আটকে গেল। আজ মঙ্গলবার মজুরি বোর্ডের বৈঠক শেষে জানানো হয়েছিল, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হবে তিন হাজার টাকা। কিন্তু কয়েক ঘণ্টা পরেই শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করে তিনি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা করবেন। মজুরি বোর্ডে শ্রমিকদের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। মজুরি বোর্ডের বৈঠক শেষে তিনিই এই সর্বনিম্ন মজুরির কথা জানিয়েছিলেন।সূত্র জানায়, শ্রমিকদের এই সর্বনিম্ন মজুরি তিন হাজার টাকার মধ্যে মূল বেতন দুই হাজার টাকা, বাসা ভাড়া ৮০০ টাকা এবং চিকিৎসা ভাতা ২০০ টাকা। এর বাইরে বিভিন্ন কারখানায় যাতায়াত, হাজিরা, বোনাসসহ আরও যেসব সুবিধা এখন আছে, তা অব্যাহত থাকবে। মজুরি বোর্ডের বৈঠকটি আজ বেলা দুইটায় শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মজুরি বোর্ডের সদস্যরা চলে যান শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। ওই বৈঠকের পর মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, সর্বনিম্ন মজুরি আজ ঘোষণা করা হচ্ছে না। তিনি নিজেই বৃহস্পতিবার ন্যূনতম মজুরি ঘোষণা করবেন।তবে নিয়ম অনুসারে মজুরি বোর্ড তাদের খসড়া চূড়ান্ত করার পর তা গেজেটে প্রকাশ করে। একই সঙ্গে তা সরকারের কাছে একটা প্রতিবেদন দেয়। খসড়া গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে এর ওপর মালিক বা শ্রমিক পক্ষ তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারে। এগুলো বিবেচনা করে মজুরি বোর্ড তা সরকারের কাছে জমা দেয়। সরকার চূড়ান্ত গেজেট প্রকাশ করে।আজ বিকেল ছয়টায় মজুরি বোর্ড খসড়া চূড়ান্ত করেছে। এতে মালিকপক্ষ (বিজিএমইএ) বাদে সবাই সইও করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এটি আজ গেজেট হচ্ছে না। পোশাকশিল্প মালিকপক্ষ বিজিএমইএর নেতারা মন্ত্রীর কাছে গিয়ে দুই দিন সময় চেয়েছেন। তাঁদের বক্তব্য হলো, এ দুই দিনের মধ্যে খসড়া নিয়ে তাঁরা বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবেন। সূত্র জানায়, শ্রমিকদের সাতটি ধাপে মজুরির কয়েকটি ধাপের বিষয়ে মালিকপক্ষের বড় আপত্তি আছে। সপ্তম বা শেষ ধাপ, যে ধাপের মজুরিকে সর্বনিম্ন মজুরি বিবেচনা করা হয় সেই ধাপে তিন হাজার টাকা নির্ধারণে মালিকদের আপত্তি আছে। মালিকেরা চান এ ধাপকে তুলে দিয়ে ছয় ধাপে মজুরি কাঠামো ঘোষণা করতে। আর বর্তমান মজুরি কাঠামো অনুসারে হেলপার বা সহকারীর পদকে (সপ্তম ধাপ) শিক্ষানবিশ পদ হিসাবে দেখিয়ে এই পদের জন্য সর্বসাকল্যে মজুরি দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করা।কিন্তু মালিকদের এই প্রস্তাব মজুরি বোর্ডের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রত্যাখ্যান করেন। তাঁরা বরং সাতটি ধাপ রেখে শিক্ষানবিশের জন্য আলাদা দুই হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করে দিয়েছেন। বর্তমান কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকের মজুরি সর্বসাকল্যে এক হাজার ২০০ টাকার জায়গায় দ্বিগুণের বেশি বেড়ে দুই হাজার ৫০০ টাকা হয়ে গেছে।সূত্র জানায়, পোশাকমালিকেরা এখন শিক্ষানবিশদের মজুরি দুই হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে আনা এবং নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের জন্য চার মাস থেকে এক বছর পর্যন্ত সময় দাবির কৌশল নিয়েছেন।সূত্র জানায়, মজুরি বোর্ডের আজকের বৈঠকে যে খসড়া মজুরি কাঠামোতে পাঁচজন সদস্য সই করেছেন তাতে একজন শ্রমিকের সর্বোচ্চ মজুরি নয় হাজার ৩০০ টাকা ও সর্বনিম্ন তিন হাজার টাকা রয়েছে।তবে একাধিক শ্রমিক সংগঠন ইতিমধ্যে এই মজুরি কাঠামোর সঙ্গেও দ্বিমত পোষণ করেছে।