পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে পোশাকশ্রমিকেরা গতকালও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। সকালে আশুলিয়ার আবদুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ঢাকা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের দাবি, তাদেরই ১০০ সদস্য আহত হয়েছেন।ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের গাড়িসহ অর্ধশতাধিক যানবাহন ও ১০টি কারখানা ভাঙচুর করেন। এ সময় আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। শিল্পাঞ্চলে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।এদিকে নতুন মজুরিকাঠামো আগস্ট থেকে কার্যকর করার দাবিতে ও গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকালে পোশাকশ্রমিকেরা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ১২টি রপ্তানিমুখী পোশাক কারখানায় হামলা-ভাঙচুর চালান। বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক এক ঘণ্টা অবরুদ্ধ থাকে। সেখানে পুলিশ-শ্রমিক সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হন।দফায় দফায় সংঘর্ষ: আশুলিয়া থানা পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শেড ফ্যাশন, নিশ্চিন্তপুরের মেডলার ও নিউএজ লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। সকাল সাড়ে নয়টার দিকে নতুন মজুরি নিয়ে শেড ফ্যাশনে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে ভাঙচুর শুরু করেন। ঘণ্টাখানেক ভাঙচুরের পর মূল ফটক ভেঙে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার পেছন দিয়ে আধা কিলোমিটার দূরে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে উঠে একটি পোশাক কারখানায় ভাঙচুর করেন।এ অবস্থায় বেলা পৌনে ১১টায় আশুলিয়ার প্রায় সব কারখানায় ছুটি ঘোষণার পর হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। তাঁরা আবদুল্লাপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। জামগড়া, নরসিংহপুর, ইউনিক ও শিমুলতলী এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। বেলা ১১টায় শ্রমিকেরা জামগড়ায় এনভয় গ্রুপের কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর হয়। একপর্যায়ে তাঁরা কারখানাটির আসবাব বের করে রাস্তায় ফেলে তাতে আগুন ধরিয়ে দেন। এরপরই ইউনিক থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে শত শত রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করতে থাকে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন।একপর্যায়ে শ্রমিকেরা ধাওয়া করলে পুলিশ ও র‌্যাব সদস্যরা পিছু হটেন। এ সময় শ্রমিকেরা এ এম ডিজাইনসহ সাতটি কারখানা ও বিভিন্ন স্থানে থেমে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালান। সেখানে পুলিশ বহনকারী অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর হয়।কয়েকজন শ্রমিক জানান, সরকারঘোষিত মজুরি দিয়ে জীবিকা নির্বাহ করা কষ্টকর হবে। কারখানা কর্তৃপক্ষ এটাও দিতে চাইছে না। এসব নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে শেড ফ্যাশনের শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষ বাধে।এনভয় গ্রুপের মালিক ও বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘সরকারঘোষিত মজুরি মেনে নেওয়ার পরও শ্রমিকদের এই উচ্ছৃঙ্খলতা আমাদের কাছে স্পষ্ট নয়।’ তিনি বলেন, শুক্রবারের ঘটনার পর আশুলিয়ার কারখানাগুলো রক্ষায় গতকালের নিরাপত্তা যথেষ্ট ছিল না। এ কারণেই শ্রমিকেরা সহিংসতার সুযোগ পেয়েছেন। তাঁর কারখানায়ও ভাঙচুর-লুটপাট চালানো হয়েছে বলে জানান তিনি।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, আশুলিয়া থানার ওসি ও এসআইসহ অন্তত ১০০ পুলিশ-সদস্য আহত হয়েছেন। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলামকে গুরুতর অবস্থায় প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহারকে চিকিৎসা দেওয়া হয় এনাম মেডিকেলে। এসআই শাহীন পারভেজকেও সেখানে ভর্তি করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, কোনো উসকানি ছাড়াই শ্রমিকেরা কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধ করেন।নতুন মজুরি আগস্ট থেকে কার্যকরের দাবি: নতুন মজুরি আগস্ট থেকে কার্যকর করার দাবিতে ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা মন্টু ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় লিবার্টি নিটওয়্যার নামে একটি কারখানার শ্রমিকেরা গতকাল সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ তখন শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। এরপর ক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের কয়েকটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ পর্যায়ে পলমল, মাইক্রোফাইবার, টাইম, মিশুওয়্যার, আকবর, মেট্রো, ট্রিবলিনসহ অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বেলা ১১টার দিকে ৮-১০ হাজার শ্রমিক শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। কুতুবআইল এলাকায় র‌্যাডিক্যাল গার্মেন্টসে হামলা চালান তাঁরা। ভাঙচুর করেন তিনটি অটোরিকশাসহ দুটি গাড়ি। শ্রমিকেরা ফটক ভেঙে রহমান গার্মেন্টসের ভেতরে ঢুকে ভাঙচুর করেন। ছোট ছোট আরও কয়েকটি পোশাক কারখানাও হামলার শিকার হয়।দুপুর ১২টায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান ঘটনাস্থলে আসেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক এক ঘণ্টা অবরুদ্ধ থাকায় শত শত যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়ে।অবরোধ প্রত্যাহার করে ফেরার পথে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে ৪০ জন আহত হন। আহতদের মধ্যে পথচারী জামাল ও রিয়াজ গুলিবিদ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, শ্রমিকদের শান্ত করতে কাঁদানে গ্যাসের নয়টি শেল ও শটগানের ৫৫টি গুলি ছোড়া হয়। সিপিবির মিছিলে লাঠিপেটা: দুপুরে সিপিবির নেতা-কর্মীরা মন্টু ঘোষের মুক্তির দাবিতে চাষাঢ়ার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল বের করেন। এ সময় পুলিশের লাঠিপেটায় সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা দুলাল সাহা, শিবনাথ চক্রবর্তী, সরোজ মন্ডল, আবদুস সোবহান, ইলিয়াস আহমেদ, মোক্তার হোসেন নীপুসহ ১৫ জন আহত হন।সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষকে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শহরের পালপাড়ায় তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ ও র‌্যাব। পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার ঢাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মন্টুকে আটক করা হয়েছে।এদিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রহিম স্টিল মিলস লিমিটেডের বিভিন্ন সময়ে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গতকাল সকালে কাঁচপুর শিল্পাঞ্চলে শ্রমিকেরা খণ্ড খণ্ড মিছিল বের করেন। পরে তাঁরা প্রতিবাদ সভা করেন।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি]