পোশাকশ্রমিকদের সড়ক অবরোধে দীর্ঘ যানজট
বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গতকাল রোববার সকালে দুই ঘণ্টার বেশি সময় রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে ওই সড়কে যান চলাচল আবার শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল আটটার দিকে কুড়িল বিশ্বরোড ও এর সংলগ্ন বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক। এতে কুড়িল বিশ্বরোড ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের কর্মকর্তারা তাঁদের সরে যেতে বললেও তাঁরা সড়ক থেকে সরেননি। ফলে সড়কগুলোতে যানজট তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে পুলিশ বল প্রয়োগ করে।ভুক্তভোগী কয়েকজন যাত্রী বলেন, অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড, বনানী ও বিমানবন্দর সড়কে যানজট ছড়িয়ে পড়ে। এতে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, সকালে জোয়ার সাহারা এলাকায় অবস্থিত নাসা গ্রুপের একাধিক কারখানার শ্রমিকেরা এই সড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে গিয়েও ব্যর্থ হয়।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, আলোচনার মাধ্যমে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকেরা অবরোধ তুলে না নেওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।তৈরি পোশাকশিল্প খাতের ছয় সদস্যের মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে শ্রমিকেরা তাঁদের টিফিন ভাতা বৃদ্ধিসহ বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন। এই দাবি নিয়েই গতকাল তাঁরা রাস্তায় নামেন। পরে নাসা গ্রুপের মালিকপক্ষ টিফিন ভাতা বৃদ্ধির দাবি মেনে নিলে তাঁরা কর্মসূচি তুলে নেন। বেতন বৃদ্ধির বিষয়ে তাঁদের বলা হয়েছে, পরবর্তী মজুরি বোর্ডের সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।