পোশাকশ্রমিকের ওপর হয়রানি বন্ধে হিউম্যান রাইটসের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেড ইউনিয়ন নেতা, শ্রমিক স্বার্থরক্ষায় নিয়োজিত মানবাধিকার কর্মী এবং পোশাকশিল্পের কর্মীদের ধরপাকড় ও নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি এ দাবি জানায়। প্রথম আলোর কাছে পাঠানো সংগঠনের এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক ফিল রবার্টসনের লেখা এই চিঠির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠনটি মনে করে, সরকারের এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপ শ্রমিক অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন নেতা ও পোশাকশিল্পের কর্মীদের বিরুদ্ধে নিপীড়নের অংশ। কারণ তাঁরা ন্যূনতম মজুরির হার বাড়ানোর পাশাপাশি সংগঠিত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে শ্রমিক অধিকার রক্ষায় কাজ করছে এমন কয়েকটি সংগঠন পোশাকশিল্পের কর্মী ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। এসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ালমার্ট, গ্যাপ, টেসকো ও মার্কস অ্যান্ড স্পেনসারের মতো বিখ্যাত পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে জড়িত বাংলাদেশের ওই সব শ্রমিক ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম (আইএলআরএফ), দি মাকুইলা সলিডারিটি নেটওয়ার্ক, দি ক্লিন ক্লথস ক্যাম্পেইন ও ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম একইভাবে ৫ আগস্ট বাংলাদেশের পোশাকশ্রমিকদের বিরুদ্ধে নিপীড়ন বন্ধের আহ্বান জানায়। হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ফিল রবার্টসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে লেখেন, বিক্ষোভকারীদের অপরাধমূলক সহিংস তৎপরতা বন্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারত। কিন্তু বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সুযোগ নেই। অথচ দুঃখজনক হলেও সত্যি, সরকার সমস্যা সমাধানের পরিবর্তে শ্রমিক স্বার্থরক্ষায় জড়িত কর্মীদের বলির পাঁঠা বানিয়ে তাদের গ্রেপ্তারের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করছে।গত ৩০ জুলাইয়ের সহিংস ঘটনায় মদদ দেওয়ার জন্য সরকার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতারা কল্পনা আক্তার, বাবুল আক্তার ও আমিনুল ইসলামকে দায়ী করেছে। এ সংগঠনটির সঙ্গে বিদেশি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বেসরকারি সাহায্য সংস্থা, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ও শ্রমিক স্বার্থরক্ষাকর্মীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পোশাকশিল্পের কর্মীদের বিক্ষোভে মদদ দেওয়ার ব্যাপারে সরকার যে অভিযোগ করছে সংগঠনটি তা অস্বীকার করে আসছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শ্রমিক বিক্ষোভে মদদের অভিযোগ এনে গত ৩ জুন কোনো আগাম নোটিশ না দিয়েই এনজিওবিষয়ক ব্যুরো বিসিডব্লিউএসের নিবন্ধন বাতিল করেছে। কিন্তু শ্রমিক স্বার্থরক্ষায় জড়িত সংগঠনটি ওই অভিযোগ খণ্ডন করে জানিয়েছে, অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ এনজিও ব্যুরো তাদের দেয়নি। পল রবার্টসন প্রধানমন্ত্রীকে লিখেছেন, সরকারের অবিলম্বে বিসিডব্লিউএস ও অন্য শ্রমিক অধিকার কর্মীদের ভয়-ভীতি ও হয়রানি বন্ধ করা উচিত। বিক্ষোভকারীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে সেটিও সরকারের তদন্ত করে দেখা উচিত।