পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরির গেজেট প্রকাশ
পোশাক খাতে শ্রমিকের জন্য ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামোর (খসড়া) গেজেট প্রকাশিত হয়েছে। আজ সোমবার এই গেজেট প্রকাশ করা হয়।নিয়ম অনুসারে আজ থেকে ১৪ দিনের মধ্যে মালিক বা শ্রমিকপক্ষ এই খসড়া মজুরিকাঠামোর ওপর তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারবে। এই সময়ের পরে মজুরি বোর্ড পুনরায় খসড়া গেজেটের পর সংক্ষুব্ধতা বিবেচনা করে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে দেবে। সরকার এই চূড়ান্ত সুপারিশ গ্রহণ এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর আইন হিসেবে প্রকাশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সাত ধাপের (গ্রেড) খসড়া মজুরিকাঠামো ঘোষণা করেন। আগামী নভেম্বর মাস থেকে নতুন মজুরিকাঠামো অনুসারে শ্রমিকদের মজুরি দেওয়া হবে বলে মন্ত্রী সে সময় উল্লেখ করেন।শ্রমিকের এই মজুরিকাঠামো ঘোষণার পর ঢাকার বিভিন্ন এলাকা, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে শ্রমিকেরা টানা অসন্তোষ, ভাঙচুর করেছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার রাতে সরকার, পোশাকশিল্পের মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা হয়। শ্রমমন্ত্রী সমঝোতা বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, শ্রমিকদের পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের মজুরি নিয়ে দ্বিমত আছে। আর শ্রমিক নেতারা বলেছেন, বাস্তবায়নের সময় নিয়েও তাঁদের দ্বিমত আছে। আগামী ১৪ দিনের মধ্যে শ্রমিকেরা এসব দ্বিমত মজুরি বোর্ডের কাছে জমা দিতে পারবেন।উল্লেখ্য, সরকার গত ১৪ জানুয়ারি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা করে। ২৮ জুলাই মজুরি বোর্ড খসড়া মজুরিকাঠামো চূড়ান্ত করে। কিন্তু বিজিএমইএর নেতাদের তত্পরতায় শেষ মুহূর্তে শ্রমমন্ত্রী সেদিন মজুরিকাঠামোর গেজেট হতে দেননি। পরের দিন মন্ত্রী নিজেই মজুরিকাঠামো ঘোষণা করেন।