পোশাকশ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, আহত ২০
তৈরি পোশাক কারখানার এক নারীশ্রমিককে কারখানার কর্মকর্তারা ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন—এই অভিযোগ তুলে ওই শ্রমিকের সহকর্মীরা গতকাল শুক্রবার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁরা কারখানায় ভাঙচুরের পর সড়কে নেমে যানবাহনেও ভাঙচুর চালান।এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মিরপুর অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), টহল পরিদর্শকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অবস্থা চলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে মিরপুর ১ নম্বরের খলিল ভবনের বারটেক্স ফ্যাশন লিমিটেডের আটতলার ছাদ থেকে নিচে পড়েন ওই পোশাক কারখানার শ্রমিক কামরুন্নাহার বিউটি (১৯)। সংজ্ঞাহীন অবস্থায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।বিউটির মৃত্যুর খবরে বারটেক্স ফ্যাশন লিমিটেডের প্রায় দুই হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা পোশাক কারখানার কমপ্লায়েন্স কর্মকর্তা মনির হোসেনকে মারধর করে গুরুতর আহত করেন। তাঁকে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকাল ১০টার পর শ্রমিকেরা কাজ ফেলে রাস্তায় নেমে আসেন। ভাঙচুরের আশঙ্কায় মিরপুর ১ নম্বরের খলিল ভবন, ইয়া খাজা সুপার মার্কেট ও সিকদার ভবনের ফটকের ভেতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা বিউটির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে এর সঙ্গে জড়িত ফ্লোর ইনচার্জসহ পাঁচজনের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।শ্রমিকেরা বারটেক্স ফ্যাশন লিমিটেড লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে তাঁরা প্রধান সড়ক দারুসসালাম রোড অবরোধ এবং হত্যার বিচারের দাবিতে মিছিল করেন। এ সময় তাঁরা একটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ তাঁদের দারুসসালাম সড়ক থেকে কলওয়ালাপাড়া গলিতে ঢুকিয়ে দেয়। শ্রমিকেরা সেখানে দফায় দফায় বিক্ষোভ করেন। দুপুর একটার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রধান সড়কে এসে একটি পোশাক কারখানায় এবং আরও তিনটি যানবাহনে ভাঙচুর চালান। পুলিশ আবারও তাঁদের প্রধান সড়ক থেকে গলিতে ঢুকিয়ে দেয়। মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এরপর বারটেক্স ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গনি নিচে নেমে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত হতে অনুরোধ জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিকেল পৌনে তিনটার দিকে পুলিশ ফ্লোর ইনচার্জ ঝরনা বেগমের মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে থানায় নেওয়ার জন্য গাড়িতে তোলেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ঝরনা ও পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়েন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে সহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লা, ওসি কাজী ওয়াজেদ আলী, টহল পরিদর্শক আবুল হোসেনসহ পুলিশের সাতজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২০টি গুলি ও ৪০টি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে বাধ্য হয়। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিরপুর থানায় মামলা হয়েছে। মৃত পোশাকশ্রমিকের বাবা আবুল কালাম জানান, তিনি বারটেক্স ফ্যাশনের সামনের ফুটপাতে গেঞ্জি বিক্রি করেন। সকাল পৌনে আটটার দিকে মিরপুরের উত্তর বিশিলের বাসা থেকে তাঁর মেয়ে সুস্থ অবস্থায় কর্মস্থলে যায়। পরে বিউটির সহকর্মীদের কাছে তিনি মৃত্যুর খবর পান।আবুল কালাম জানান, তাঁর মেয়ে ছাদ থেকে পড়ে যায়নি কিংবা লাফিয়েও পড়েনি। বিউটিকে মারধর করে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। তিনি শুনেছেন, সকালে কাজ নিয়ে ফ্লোর ইনচার্জ ঝরনার সঙ্গে বিউটির ঝগড়া হয়। এরপর ঝরনা লাথি মেরে বিউটিকে মেশিনের ওপর ফেলে দেন। বারটেক্স ফ্যাশনের শ্রমিক নাজমা বেগম জানান, বিউটির সঙ্গে তিনি গার্মেন্টসের চারতলার ‘বি’ লাইনে কাজ করতেন। গতকাল সকালে ফ্লোর ইনচার্জ ঝরনা বেগম বিউটিকে ‘এ’ লাইনে গিয়ে কাজ করতে বলেন। বিউটি ‘এ’ লাইনে কাজ করতে রাজি না হওয়ায় ঝরনা ম্যাডাম তাঁর দপ্তরে নিয়ে অশ্লীল গালাগাল করেন। পরে তাঁরা শুনতে পান, বিউটি ছাদ থেকে নিচে পড়ে গেছেন। এরপর সব শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিক ফরিদা বেগম জানান, তিনি ছাদের আটতলায় সিঁড়ির কাছের লাইনে কাজ করেন। বিউটিকে তিনি ছাদে দেখেননি। শ্রমিক খাদিজা বেগম জানান, যে স্থানে বিউটিকে পাওয়া গেছে সেখানে কিংবা তাঁর শরীরে একফোঁটা রক্তের দাগও পাওয়া যায়নি। শ্রমিকদের ধারণা, কারখানার ভেতরে হত্যার পর ছাদ থেকে বিউটির লাশ ফেলে দেওয়া হয়েছে।কারখানার মান পরিদর্শক সুমি আক্তার জানান, কারখানার কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে প্রতিনিয়ত অসদাচরণ করেন। কিন্তু মালিক ভালো লোক।পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি কারখানায় ছিলেন না। পরে এসে শুনেছেন কারখানার কর্মী বিউটি ছাদ থেকে পড়ে মারা গেছেন। তিনি মনে করেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত। তবুও এ ঘটনায় ঝরনা দোষী হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বিকেলে মৃত বিউটির বাবা আবুল কালাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন কারখানার ফ্লোর ইনচার্জ ঝরনা বেগম, লাইন কোয়ালিটি কর্মকর্তা আরিফ হোসেন, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মিঠু, কোয়ালিটি নিয়ন্ত্রণ ব্যবস্থাপক জাহানারা বেগম ও লাইন তত্ত্বাবধানকারী পিন্টু। ওসি কাজী ওয়াজেদ জানান, এজাহারভুক্ত ঝরনাকে গ্রেপ্তার করা গেলেও অন্যরা পলাতক।