পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর
সাভারের হেমায়েতপুরে ড্রেসওয়ার্ল্ড নামের একটি পোশাক-কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন কারখানার শ্রমিকেরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে কারখানার কোয়ালিটি অপারেটর হুমায়ুন কবির অসুস্থ হয়ে পড়ায় ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিতে অস্বীকৃতি জানায়। সকাল সাড়ে ১০টার দিকে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিত্সক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুর শুরু করেন।বেলা দুইটায় সাভার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গাইর মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করে। সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবলসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন।