পোষা কুকুরের কীর্তি
মাটির নিচ থেকে বস্তার মুখ বেরিয়ে আছে। সবাই ধরে নিল, ওখানেই পাওয়া যাবে মাথা। মাটি খুঁড়ে রক্তমাখা বস্তা পাওয়া গেল ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত মাথাটি পাওয়া গেল না। এই হতাশার মধ্যে সবাইকে আশ্বস্ত করল একটি কুকুর। সে মাটি খুঁড়ে উদ্ধার করল সেই মাথা।যাঁর মাথা, খুন হওয়া সেই কৃষক আইয়ূব নবীরই পোষা কুকুর বুলেট এটি। আজ বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অনেকের দাবি। পুলিশ অবশ্য বলছে, মাথাটি তারাই উদ্ধার করেছে।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে দুর্বৃত্তরা কাঁঠালবাড়িয়া গ্রামের কৃষক আইয়ূব নবীর (৫৫) মাথা কেটে নিয়ে যায়। গ্রামের মাঠের মধ্যে একটি ভুট্টাখেতে তাঁর মাথাবিহীন লাশ পাওয়া যায়। গত মঙ্গল ও গতকাল বুধবার সারা দিন খুঁজেও পুলিশ তাঁর মাথা উদ্ধার করতে পারেনি। গতকাল লাশ দাফন করা হয়েছে। আইয়ূব নবীর ভগ্নিপতি আবদুল হাকিমের ভাষ্য, সকালে আইয়ূব নবীর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে সাইবাড় গ্রামের এক জায়গায় রক্তমাখা দড়ি দেখতে পেয়ে তাঁরা থানায় খবর দেন। পুলিশের দুজন কনস্টেবল সেখানে গিয়ে দেখেন, এক জায়গায় মাটির ভেতর থেকে বস্তার মুখ বের হয়ে আছে। পরে মাটি খুঁড়ে রক্তমাখা একটি বস্তা উদ্ধার করেন তাঁরা।হাকিমের ভাষ্য, পুলিশের সদস্যরা যখন মাটি খুঁড়ছিলেন, তখন ওই জায়গা থেকে খানিকটা পশ্চিম দিকে গিয়ে পোষা কুকুর বুলেট মাটি খুঁড়তে থাকে। সেখানে নিহত কৃষক নবীর মাথা পাওয়া যায়। নবীর ভাস্তিজামাই মাসুদ রানার (২৭) ভাষ্যমতে, ‘বুলেট হন্তদন্ত হয়ে খানিকটা দূরে পা দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। পরে আমার এক ভাই গিয়ে সেখান থেকে মাথাটি তুলে আনেন।’ আইয়ূব নবীর অপর এক ভগ্নিপতি উপজেলার চৌপুকুরিয়া গ্রামের আমজাদ হোসেনও (৪৫) একই বর্ণনা দেন। দুপুরে কাঁঠালবাড়িয়া গ্রামে নবীর বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত নারী-পুরুষ কুকুর বুলেটকে একনজর দেখার জন্য ভিড় করেছে। নবীর ভাইয়ের মেয়ে ময়না বিবির (৩৫) ভাষ্য, ‘কুকুরটি চাচার খুব আদরের। ফ্যানের নিচে ঘুমাত। দুই দিন থেকে ও খালি ছোটাছুটি করছে। ওকে কিছু খাওয়ানোও সম্ভব হয়নি। আজ চাচার মাথা পাওয়ার পরে দুপুরে একটু খেয়ে শুয়ে পড়েছে।’ দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের দাবি, পুলিশই মাথা উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মাথাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের বেরাজ উদ্দিনের স্ত্রী ফরেজান বেগম ও তাঁর ছেলে আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে। গত ১০ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে দুর্বৃত্তরা আবদুল হান্নান নামের একজন দরিদ্র কৃষকের মাথা কেটে নিয়ে যায়। সেই মাথাটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। খুনের রহস্যও উদঘাটন করা যায়নি।