পোষার শখ, শখের পোষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য মেগাসিটির তুলনায় ঢাকায় পোষা প্রাণীর সংখ্যা অনেক কম। অভিজাতপাড়ার কিছু বাড়িতে কেবল পোষা বিড়াল-কুকুরের বিচরণ চোখে পড়ে। কারও কারও বাড়ির প্রাঙ্গণে ঠাঁই পেয়েছে হরিণ, খরগোশ, ছাগলের মতো পোষা প্রাণী। এগুলোর ভালো-মন্দ নিয়ে মেতে থাকে শৌখিন লোকেরা। নগরে প্রাণী পোষার আদ্যোপান্ত নিয়ে লিখেছেন মিল্লাত হোসেনশখের তোলা কত?কথায় বলে, শখের তোলা আশি টাকা। নিতান্তই শখের বশে তারও চেয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করেছেন আজিমপুর রসুলবাগের মোহাম্মদ সুজন। মাস পাঁচেক আগে ১৫ হাজার টাকা খরচ করে ভারত থেকে একটি ছাগল আনিয়েছেন। সুজন বলেন, এর চেয়ে ছোট আরেকটি ছাগল আছে তাঁর। এগুলোর জন্য বাসার ছাদে ঘর করেছেন। মাঝেমধ্যে বিকেলে ছাগল নিয়ে হাঁটতে বের হন। তখন রসুল পার্কে ঘাস খায় এগুলো। আর পাশে দাঁড়িয়ে থাকেন সুজন।নগরে পোষা প্রাণী হিসেবে কুকুরের জনপ্রিয়তার পাল্লাই ভারী। তারপর আছে বিড়াল। এ ছাড়া খরগোশ আর হরিণও পোষে কেউ কেউ। শুধু বন বিভাগ, সরকারি চিড়িয়াখানা বা পালনের অনুমোদনপত্র আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে হরিণ সংগ্রহ বা কেনা যাবে। বন থেকে হরিণ কেনার সুযোগ আছে কি না, জানতে চাইলে বন বিভাগের বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেল) তপন কুমার দে বলেন, আপাতত বন থেকে হরিণ কিনতে দেওয়া হবে না। এখন শুধু চিড়িয়াখানা থেকে বা যাঁরা হরিণ পালন করেন, তাঁদের কাছ থেকে হরিণ কেনা যাবে। এ জন্য বন বিভাগের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নিতে হবে।দেশি-বিদেশি কুকুর, বিড়াল সংগ্রহ করতে হলে গুলশান, বনানী, উত্তরার পোষা প্রাণীর চিকিৎসাকেন্দ্রগুলোয় যোগাযোগ করলেই চলবে। কেননা, এসব বেচাকেনার কাজও করে থাকেন চিকিৎসক ও কর্মীরা। তবে কাঁটাবন পোষা প্রাণী বেচাকেনার সবচেয়ে বড় বাজার। কুকুর-বিড়ালের বিক্রেতারা জানান, চি হুয়া হুয়া জাতের কুকুরের আকার খুবই ছোট। এর ওজন সর্বোচ্চ দুই কেজি হয়। কিন্তু এর দাম সবচেয়ে বেশি, একজোড়া দুই লাখ টাকার মতো। একজোড়া এক লাখ টাকায় পাওয়া যায় এমন কুকুরের মধ্যে আছে লন্ডনের রাটউইলার ও চায়নিজ পাগ। ভালো মানের জার্মান শেফার্ডের জোড়া ৮০ থেকে ৯০ হাজার টাকা। আফগানিস্তানের হাউন্ডের জোড়া এক থেকে দেড় লাখ টাকা। সরাইলের সংকর কুকুরের প্রতিটির দাম ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। স্পিটসের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা।রাশিয়ান একজোড়া পার্শিয়ান বিড়ালের দাম পড়ে ৬০ হাজার টাকা। আর চায়না সিয়ামিজ বিড়ালের জোড়া ৫০ হাজার টাকার মতো। এটা বাংলাদেশে আসে পাকিস্তান থেকে। যাঁরা বাহারি চুলের কুকুর পছন্দ করেন, তাঁরা কিনতে পারেন লাহসা অ্যাপসো। শৌখিন মানুষ ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন জাতের কুকুর-বিড়াল পাললেও এগুলোর বেশির ভাগই আমদানি হয় ভারত ও থাইল্যান্ড থেকে। কুকুর-বিড়ালের দাম ও জাত নিশ্চিত হতে কেনার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে।স্বাস্থ্যসেবার খোঁজডিসিসি থেকে পোষা কুকুরের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আর লাইসেন্স নেওয়ার পূর্বশর্ত হচ্ছে পোষা কুকুরকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দেওয়া। তবে ডিসিসি থেকে কোনো টিকা সরবরাহ করা হয় না। এ জন্য কুকুরের পালকেরা যেতে পারেন নগর ভবনের পাশেই ৪৮ কাজী আলাউদ্দিন রোডের কেন্দ্রীয় পশু হাসপাতালে। শুধু কুকুর নয়, বছরে একবার করে বিড়ালকেও জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দিতে হয় বলে জানান এখানকার চিফ ভেটেরিনারি অফিসার অরবিন্দ কুমার সাহা। তিনি বলেন, তাঁরা শুধু টিকাটি পোষা কুকুর-বিড়ালের শরীরে প্রয়োগ করার কাজটি করে দেন। তাঁদের এখান থেকে টিকা সরবরাহ করা হয় না। টিকা বাইরে থেকে কিনে আনতে হয়। পোষা প্রাণীর স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, যেকোনো সুস্থ পোষা প্রাণীকেও চার মাস পরপর একবার পশুচিকিৎসক দেখাতে হবে।পোষা প্রাণীর স্বাস্থ্যবিষয়ক কিছু সেবা পাওয়া যাবে মহানগরের চারটি থানার প্রাণিসম্পদ কার্যালয়ে। এগুলো হচ্ছে উত্তরখান (হাজি ক্যাম্পের পাশে), দোলাইরপাড় (দোলাইরপাড় হাই স্কুলের পাশে), তেজগাঁও (নাখালপাড়ায়) ও কামরাঙ্গীরচর (কামরাঙ্গীরচর থানার পাশে)। মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত পশুবিশেষজ্ঞদের কাছ থেকেও পোষা প্রাণীর অসুখবিসুখে পরামর্শ পাওয়া যায়।স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পোষা কুকুরবিষয়ক সব পরামর্শ পাওয়া যাবে বাংলাদেশ ক্যানেল ক্লাবে। এর কার্যালয় গ্রিন রোডে: সুইট ২২১, দ্বিতীয় তলা, কনসেপ্ট টাওয়ার, ৬৮-৬৯ গ্রিন রোড (ওয়েবসাইট: http://petcare-bd.com/main.html)। এদিকে পোষা প্রাণীর চিকিৎসাসেবা দিতে নগরের গুলশান, বনানী ও উত্তরায় রয়েছে বেসরকারি ক্লিনিক। এর মধ্যে কোনো কোনো ক্লিনিকে পোষা প্রাণীর চুল ছাঁটানোর সেবাও পাওয়া যায়।পোষা প্রাণীর ওষুধের সবচেয়ে বড় বাজার রয়েছে কেন্দ্রীয় পশু হাসপাতালের পাশে নিমতলী মিউনিসিপ্যাল মার্কেটে। মিটফোর্ড এলাকায়ও মেলে ওষুধ। এ ছাড়া থানা প্রাণিসম্পদ কার্যালয় এবং প্রাইভেট ক্লিনিকগুলোর আশপাশেও মেলে পোষা প্রাণীর ওষুধ।বিড়ালের সঙ্গে ঘর-বসতি‘মিলি মা, এদিকে এসো।’ আদুরে গলায় ডাক দেন সাবা। তাঁর ডাক শুনে সাড়া দেয় মিলি। মিলি সাবার পোষা বিড়াল। সাবাদের বাসায় এমন দেশীয় বিড়াল আছে ৭০টি। মিলি, চুচু, বিল্লু, বারবি, চার্লির মতো বাহারি নাম আছে এদের। নাম ধরে ডাকলে তারা সাড়া দেয়।সাবাদের বাড়ির (আল-বেলা, ১৫৫ গুলশান এভিনিউ) পাশ দিয়ে গেলে ভবনের ছাদের কার্নিশে, জানালায় বিড়ালের বিচরণ চোখে পড়বেই। বিড়াল পোষার শুরুটা জানালেন সাবার মা ইয়াসমিন মতিন। তিনি বলেন, ‘১৩ বছর আগে একটা বিড়াল আশ্রয় নেয় আমাদের বাসায়। সেটা পুষতে শুরু করে সাবা। কিছুদিন পর সেটির চারটি বাচ্চা হয়। এভাবে বিড়াল আস্তে আস্তে বেড়েছে। অনেকে লুকিয়ে বিড়াল আমাদের বাড়িতে রেখে যায়। এ ছাড়া রাস্তায় আমরা বিড়াল পড়ে থাকতে দেখলে নিয়ে আসি। প্রথমে আমি, আমার অন্য দুই মেয়ে সাথী ও শামা বিড়াল দেখলে ভয় পেতাম। একটা পর্যায়ে এসে বিড়ালের প্রতি আমাদেরও মায়া জন্মে যায়। আমাদের পুরো বাড়িতে থাকি চারজন মানুষ। আমাদের চেয়ে এখন বিড়ালের ঘরই বেশি। আগে সব সময় বিড়ালগুলো খোলা রাখতাম। কিন্তু এখন নিরাপত্তার কথা ভেবে এগুলোকে সকাল আটটার সময় দুধ খাইয়ে ছাড়ি, তারপর বেলা তিনটায় ভাত খাইয়ে এগুলোকে ঘরে ঘুম পাড়িয়ে রাখি। খাবারের মাধ্যমে যাতে বিড়ালগুলো বিষক্রিয়ায় আক্রান্ত না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকি। তাই ওদের জন্য ফরমালিনমুক্ত মাছ সংগ্রহ করি।’ইয়াসমিন মতিন বলেন, ‘অনেকে ভাবে, আমাদের বুঝি অনেক দুঃখ-কষ্ট। তাই বিড়াল নিয়ে সময় কাটাই। ব্যাপারটা তা নয়, বিড়ালের প্রতি আসলে আমাদের একটা অন্য রকম মায়া তৈরি হয়েছে। এখন তো ঢাকা শহরে দুর্ঘটনায় আহত হয়ে একটা মানুষ রাস্তায় পড়ে থাকলেও কেউ এসে সাহায্যের হাত বাড়ায় না। এটা কিন্তু আমাদের দিয়ে সম্ভব নয়। বিড়াল পোষার কারণেই আমাদের ভেতরে এই বোধ তৈরি হয়েছে। মূল কথা হচ্ছে, মানবতাবোধ যার মধ্যে নেই, তার পশু পুষতে ভালো লাগবে না।’পোষা প্রাণীর জন্য কেনাকাটাখাবার-খেলনা থেকে শুরু করে কুকুর-বিড়ালের জন্য নানা রকম উপকরণ ব্যবহার করেন শৌখিন লোকেরা। এর নমুনা মেলে গুলশান এভিনিউয়ের আরএম সেন্টারের ফিক্স ইন লিমিটেড (এইচএমবিআর) স্টোরে। এর মধ্যে আছে গলা ও শরীরের বেল্ট, চিরুনি, শিকল, মাস্ক, পাউডার, পারফিউম, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, খেলনা, খাঁচা, পেট ব্যাগ, পেট বেড, পেট হাউস, পেট নেইল কাটার, কুকুর-বিড়ালের খাবার, খাবারের পাত্র, কুকুরের লাঠি, বাঁশি, কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডগ চিউ, দাঁত পরিষ্কারের ডগ বোন। বাসার ফটকের সামনে দেওয়ার জন্য ‘বিওয়ার অব ডগ’ লেখা বোর্ড কিনতে পাওয়া যায় স্টোরে।গুলশান-২ ডিসিসি সুপার মার্কেটের গুলশান পেট অ্যানিমেল ক্লিনিকের কর্মী সিদ্দিকুর রহমান জানান, কুকুর-বিড়ালকে যিনি গোসল করাবেন, তাঁর জন্য আছে হ্যান্ড গ্লাভ্স। বিড়াল প্রস্রাব একটু বেশিই করে। প্রস্রাবের দুর্গন্ধ কমাতে রয়েছে ক্যাট রিটার। এই উপকরণের ওপর যাতে বিড়াল প্রস্রাব করে, সেটা অবশ্য নিশ্চিত করতে হবে।পোষা প্রাণীর খাবারসহ সব রকমের উপকরণ পাওয়া যায় আগোরা মেগা শপ, নন্দন মেগা শপ, ল্যাভেন্ডার সুপার স্টোর, মীনা বাজার, আলমাস সুপার শপসহ গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত সুপার স্টোরে। এ ছাড়া কাঁটাবনের পশু-পাখির বাজার; গুলশান, বনানীর পোষা প্রাণীর বেসরকারি ক্লিনিক থেকেও সংগ্রহ করা যায় সব রকমের উপকরণ।পালতে হলে মানতে হবে...গুলশান-২-এর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কের (লেডিস ক্লাব পার্ক) এক টুকরো জায়গায় রয়েছে হরিণের ডেরা। তারজালির বেড়াঘেরা সেই ডেরায় ঘুরে বেড়ায় একাকী একটি হরিণ। হরিণের ডেরার বেড়ার গায়ে ছোট্ট একটি সাইনবোর্ডে লেখা, ‘হরিণের গায়ে ঢিল ছুড়বেন না/ আদেশক্রমে ঢাকা সিটি করপোরেশন’। এই হরিণের মালিক কি ঢাকা সিটি করপোরেশন? জানতে চাওয়া হয় ডিসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ ফ ম আবদুল আলীমের কাছে। তিনি বললেন, ‘আমার এক বন্ধু লাইসেন্স নিয়ে হরিণ পালে। ছয় বছর আগে সে আমাদের হরিণটা দেয়। তার নামে এটার লাইসেন্স করা।’‘বাংলাদেশ চিত্রল হরিণ লালন-পালনসংক্রান্ত নীতিমালা’য় বলা হয়েছে, ব্যক্তিমালিকানায় শুধু চিত্রল হরিণ লালন-পালন করা যাবে। কেউ চিত্রল হরিণের মালিকানা বদল করতে চাইলে তাকে সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে অনুমোদন নিতে হবে। কেউ চিত্রল হরিণ দান বা উপহার দিতে চাইলে তাকে সেই তথ্য সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তাকে জানাতে হবে। চিত্রল হরিণ পালতে চাইলে সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। এ জন্য তাঁর দপ্তর থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।চিত্রল হরিণ পোষার লাইসেন্স করতে লাগে ৫০০ টাকা। এর নবায়ন ফি এক বছরের জন্য ১০০ টাকা। ব্যক্তিগতভাবে হরিণ পালতে হলে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে পজেশন সার্টিফিকেট (শর্তনামা সনদ) নিতে হবে, যাতে প্রতিটি হরিণের জন্য ফি লাগবে ১০০ টাকা।ডিসিসির স্বাস্থ্য বিভাগের ভেটেরিনারি শাখার কর্মকর্তা আজমত আলী জানান, নগরের কেউ কুকুর পুষতে চাইলে তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমেই তার কুকুরটিকে জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে। এরপর ডিসিসির ভেটেরিনারি শাখায় নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। প্রতিটি কুকুরের জন্য নিবন্ধন ফি লাগে ১০০ টাকা। নিবন্ধন ফি দিয়ে তালিকাভুক্ত হলে দেওয়া হবে একটি ধাতব টোকেন। এই কাজের জন্য সবাইকে যেতে হবে নগর ভবনের ১৩ তলার ২৮ নম্বর কক্ষে। এভাবে প্রতিবছর একই সময়ে জলাতঙ্ক রোগের টিকা দিয়ে একই কক্ষ থেকে লাইসেন্স নবায়ন করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য নেওয়া হয় ১০০ টাকা। নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করা ধাতব টোকেন সব সময় পোষা কুকুরের গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কুকুরটিকে নির্দিষ্ট গণ্ডির ভেতরে আটকে রাখতে হবে। গলায় ডিসিসির ধাতব টোকেন নেই এমন কুকুরকে বেওয়ারিশ কুকুর হিসেবে গণ্য করা হয়। তাই গলায় টোকেন না থাকলে পোষা কুকুর পড়ে যেতে পারে ডিসিসির কুকুর নিধন কর্মসূচির খপ্পরে।গৃহপালিত অন্য কোনো পশু পালতে প্রশাসন থেকে কোনো অনুমোদন নিতে হয় না। তবে শখের বশে কোনো ধরনের বন্য প্রাণী পালা ঠিক হবে না। এতে নিজেই আইনের গ্যাঁড়াকলে বন্দী হতে পারেন।