পোস্টার লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকায় স্কুলে ভর্তির পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া নামে এক কিশোর মারা গেছে। আজ রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহজাহান হিউম্যান হলারের সহযোগী হিসেবে কাজ করত। বেশি টাকা পাওয়ার আশায় সে রাতের বেলা পোস্টার লাগানোর কাজ করছিল। আজ ভোর পাঁচটার দিকে শাহজাহান শাহিন ক্যাডেট একাডেমির শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত পোস্টার লাগাচ্ছিল। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।