পোস্তগোলায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পোস্তগোলায় আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাসুদ (২২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিকেলে পোস্তগোলার নওজোয়ান ক্লাবে ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তারা ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল আহমেদকে উদ্দেশ করে বলেন, তিনি পোস্তগোলায় চাঁদাবাজি করে যাচ্ছেন। বাবুল পোস্তগোলার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও বুড়িগঙ্গা সেতুর টোলকেন্দ্র থেকে প্রতিদিন নয় হাজার টাকা চাঁদা তোলেন। শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শহীদ এ কথার সমর্থন করে বক্তব্য দেন। এ সময় পোস্তগোলা থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল ও বাবুলের সমর্থকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একে অপরকে চেয়ার ছুড়ে মারেন। এতে অন্তত ১০ জন আহত হন। পরে শ্যামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানতে চাওয়া হলে পোস্তগোলা থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় সাংসদ এর বিরোধিতা করেন। আজ অনুষ্ঠান শুরুর পর সাংসদের লোকজন মাইক খুলতে এলেই সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা বাবুলের চাঁদাবাজির বিষয়ে থানার পুলিশও অবগত আছে। বাবুল স্থানীয় সাংসদেরই সমর্থক। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শ্যামপুর থানা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতার চাঁদাবাজির বিষয়টি স্থানীয় লোকজন বলাবলি করছে। তবে চাঁদাবাজির বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।